ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

২০২৭ সালে বাংলাদেশে আসতে চান আইশোস্পিড


November 27, 2026 4:16 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জনপ্রিয় মার্কিন ইউটিউবার ও লাইভস্ট্রিমার ড্যারেন ওয়াটকিন্স জুনিয়র, যিনি আইশোস্পিড নামে পরিচিত, ২০২৭ সালে বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেছেন। বিশ্বের প্রতিটি দেশ ভ্রমণের লক্ষ্য পূরণের অংশ হিসেবে আগামী বছর বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার কয়েকটি দেশে যাওয়ার পরিকল্পনা করছেন তিনি।

সম্প্রতি ‘লাইফ ম্যাগাজিন’-এর পুনঃপ্রকাশ উপলক্ষে দেওয়া এক সাক্ষাৎকারে আগামী বছরের ভ্রমণ পরিকল্পনার কথা জানান আইশোস্পিড। তিনি বলেন, ‘আগামী বছর আমি ভারত, বাংলাদেশ, নেপাল, কাজাখস্তানসহ মধ্য এশিয়ার কয়েকটি দেশে যেতে চাই।’

বিশ্বের সব দেশ ভ্রমণ করাই তার লক্ষ্য জানিয়ে এই স্ট্রিমার বলেন, ‘এ পর্যন্ত প্রায় ১০০টি দেশ ঘুরেছি। বিশ্বের প্রতিটি দেশে যাওয়ার লক্ষ্য রয়েছে আমার। আশা করছি, আগামী দুই বছরের মধ্যেই সেই লক্ষ্য পূরণ করতে পারব।’

বাংলাদেশি ভক্তরা বেশ কিছুদিন ধরেই আইশোস্পিডকে এ দেশে আসার আমন্ত্রণ জানিয়ে আসছেন। ২০২৫ সালের ডিসেম্বরে এক লাইভস্ট্রিমে বাংলাদেশি এক দর্শকের আমন্ত্রণের জবাবে বাংলাদেশে আসার আগ্রহ দেখিয়েছিলেন তিনি। এর আগে একই বছরের সেপ্টেম্বরে লাইভস্ট্রিম চলাকালে তাকে বাংলাদেশের জাতীয় ফুটবল দলের একটি জার্সি উপহার দেওয়া হয়। এরপর বিভিন্ন সময়ে বাংলাদেশি ভক্তদের উদ্দেশে শুভেচ্ছাবার্তাও দিয়েছেন তিনি।

গত অক্টোবরে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে রাজশাহীর এক ভক্তের সঙ্গে দেখা করার প্রতিশ্রুতি দিতেও দেখা যায় আইশোস্পিডকে। তবে ওই ভক্ত তাকে হাসাতে না পারায় কথার মাঝেই অন্য প্রসঙ্গে চলে যান তিনি।

ইউটিউবে গেমিং ও ফুটবলবিষয়ক ভিডিও তৈরি করে জনপ্রিয়তা পান আইশোস্পিড। পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতি তার ভক্তি এবং রোনালদোর বিখ্যাত ‘সিউউ’ উদ্‌যাপন অনুকরণ তাকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক পরিচিতি এনে দেয়।

চলতি মাসের শুরুর দিকেও টানা প্রায় ৫২ ঘণ্টা ৩০ মিনিটের লাইভস্ট্রিমে ঘুম ছাড়াই ‘জিটিএ সিক্স’ গেমের মূল কাহিনি শেষ করার দাবি করে আলোচনায় আসেন তিনি।

তবে ২০২৭ সালে আইশোস্পিডের বাংলাদেশ সফরের নির্দিষ্ট তারিখ বা ঢাকায় তার সম্ভাব্য কর্মসূচি এখনো জানানো হয়নি।

সূত্র: মূল প্রতিবেদন