পৃথিবী সংবাদ ডেস্ক:
নড়াইলের লোহাগড়া উপজেলায় জমি- জমা সংক্রান্ত বিরোধের জেরে ফরহাদ মোল্যা (৫০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.মোস্তাফিজুর রহমান বার্তা বাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত ফরহাদ মোল্যা উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের গফুর মোল্যার ছেলে। সে পেশায় একজন কৃষক।
পুলিশও স্থানীয় সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের ছায়মানার-চর গ্রামের ফরহাদ মোল্যার সাথে বংশীয় চাচাতো ভাই দাউদ মোল্যার ও তার লোকজনের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমা নিয়ে বিরোধ চলে আসছিল। এই নিয়ে গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করে। পরে শুক্রবার সকাল ১০ টার দিকে ফরহাদ মোল্যার তার জমিতে ধান কাটছিল। এসময় পূর্ব থেকে পরিকল্পিতভাবে পাশের একটি বাগানে ওত পেতে থাকে দাউদ মোল্যার পক্ষের লোকজন। পরে লাঠি দিয়ে ফরহাদ মোল্যাকে পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ উঠেছে।
তবে এসব অভিযোগের বিষয় অস্বীকার করছেন দাউদ মোল্যার লোকজন। তাদের দাবি ফরহাদ মোল্যার স্ট্রোক জনিত কারণে মারা গেছে তারা তাকে কোনো আঘাত করিনি বলে দাবি তাদের।
এ বিষয়ে নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো.মোস্তাফিজুর রহমান বার্তা বাজারকে বলেন, ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সূত্র: মূল প্রতিবেদন
