ঢাকাThursday , 26 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে মানবাধিকারকর্মী পরিচয়ে টাকা আদায়, নারীকে অনৈতিক প্রস্তাব


November 26, 2026 12:11 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

গাইবান্ধার সুন্দরগঞ্জে মানবাধিকার কমিশনের পরিচালক পরিচয়ে ন্যায়বিচার পাইয়ে দেওয়ার আশ্বাসে এক নারীর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া এবং পরে অনৈতিক প্রস্তাব ও হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নুর আলম সিদ্দিক নামের এক কথিত মানবাধিকারকর্মীর বিরুদ্ধে।

এ ঘটনায় ওই নারী গতকাল মঙ্গলবার রাতে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযুক্ত নুর আলম সিদ্দিক সুন্দরগঞ্জের চণ্ডীপুর ইউনিয়নের পূর্ব সীচা গ্রামের মৃত আমিন উদ্দিনের ছেলে। তিনি কথিত বাংলাদেশ মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার সভাপতি হিসেবে পরিচয় দেন।

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনের একটি মামলার বাদী। মামলাটি বর্তমানে তদন্তাধীন। এ মামলার সূত্রে থানায় যাতায়াতের সময় নুর আলম সিদ্দিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। নুর আলম নিজেকে মানবাধিকার কমিশনের সুন্দরগঞ্জ উপজেলা শাখার পরিচালক পরিচয় দিয়ে মামলায় ন্যায়বিচার পাইয়ে দেওয়া এবং পত্রিকায় বিষয়টি প্রচারের আশ্বাস দেন। এ জন্য তিনি ওই নারীর কাছে টাকা দাবি করেন। সরল বিশ্বাসে টাকা দিতে সম্মত হলে গত ৭ অক্টোবর বেলা ১১টার দিকে তাঁকে নিজের বাসায় নিয়ে প্রথমে ১০ হাজার টাকা নেন। পরে বিভিন্ন সময়ে আরও ৩২ হাজার টাকা নেন। সব মিলিয়ে তাঁর কাছ থেকে ৪২ হাজার টাকা নেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

খাদিজা আক্তারের অভিযোগ, প্রতিশ্রুতি অনুযায়ী কোনো কাজ না হওয়ায় তিনি টাকা ফেরত চান। এ সময় নুর আলম তাঁকে নিজের বাসায় ডেকে নিয়ে অনৈতিক কাজে সম্মত হতে বলেন। এতে রাজি না হওয়ায় পুলিশ সুপারের কার্যালয়ের লোগো দেখিয়ে তাঁর কথা না শুনলে বড় ধরনের ক্ষতি করা এবং ডিবি পুলিশ দিয়ে গ্রেপ্তার করিয়ে হাজতে পাঠানোর ভয়ভীতি ও হুমকি দেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মো. নুর আলম সিদ্দিক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন। তিনি বলেন, গাইবান্ধার কয়েকজন সাংবাদিক ওই নারীকে দিয়ে আমার বিরুদ্ধে এসব অভিযোগ করিয়েছেন।

ওই নারীর সঙ্গে ফোনে কথা হওয়ার বিষয়টি স্বীকার করে নুর আলম বলেন, একদিন ওই নারী আমাকে ফোন করেছিলেন। তখন আমি পুলিশ সুপারের কার্যালয়ে ছিলাম। তবে ওই নারীকে পুলিশ সুপার বা ডিবি পুলিশের ভয় দেখানোর অভিযোগ অস্বীকার করেন তিনি।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

ওসি আরও বলেন, এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে নুর আলমকে আগেও কয়েকবার সতর্ক করা হয়েছিল। কিন্তু এরপরও তিনি তা থেকে বিরত হননি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

সূত্র: মূল প্রতিবেদন