পৃথিবী সংবাদ ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও অপতৎপরতার প্রতিবাদে রাজধানীর পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে যুবদল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি আসাদুজ্জামান আসলামের নেতৃত্বে বুধবার বিকেলে এ কর্মসূচি পালন করা হয়।
বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কের সামনে থেকে মিছিলটি শুরু হয়। পরে এটি আদালত এলাকা ও রায়সাহেব বাজার মোড় হয়ে তাঁতীবাজার মোড় অতিক্রম করে ধোলাইখাল ঘুরে আবার রায়সাহেব বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
মিছিলে যুবদল ঢাকা মহানগর দক্ষিণ ও বিভিন্ন থানার নেতা-কর্মীরা অংশ নেন। এ সময় তাঁরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কথিত নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে আসাদুজ্জামান আসলাম বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগের যেকোনো ধরনের অরাজকতা, নাশকতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা দেশের যুবসমাজ ও সাধারণ মানুষ মেনে নেবে না। দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করে জনজীবনে আতঙ্ক সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
আসাদুজ্জামান আসলাম আরও বলেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এখন সবচেয়ে জরুরি। যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে অবিলম্বে কঠোর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, জননিরাপত্তা রক্ষায় প্রশাসনের দ্রুত ও কার্যকর ভূমিকা প্রয়োজন।
বক্তব্যের শেষে দেশের শান্তি ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিশৃঙ্খলা ঠেকাতে সচেতন নাগরিক, যুবসমাজ ও সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার অনুরোধ করেন আসলাম। সমাবেশে সহস্রাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।
সূত্র: মূল প্রতিবেদন
