ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

গোল্ড ক্যাটাগরিতে দেশের ২য় সেরা উদ্যোক্তা শ্যামনগরের এনামুল


November 25, 2026 7:11 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

জাতীয় পর্যায়ে ডিজিটাল সেন্টার দেশসেরা গোল্ড উদ্যোক্তা ক্যাটাগরিতে ২য় স্থানে সম্মাননা অর্জন করেছেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মোঃ এনামুল হক। ডিজিটাল সেন্টার স্টার ইনসেনটিভ অ্যাওয়ার্ড প্রোগ্রামের আওতায় তাকে এ সম্মাননা প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, এসপায়ার টু ইনোভেট (এটুআই) এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)-এর যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ডিজিটাল সেন্টারগুলোকে আরও আধুনিক, নাগরিকবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও আর্থিকভাবে টেকসই সেবাকেন্দ্রে রূপান্তরের লক্ষ্যে এটুআই ও ইউএনডিপির উদ্যোগে দেশের ৬৪ জেলার নির্বাচিত ১০০টি ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়। জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাস থেকে শুরু হওয়া বেজলাইন অ্যাসেসমেন্ট, উদ্যোক্তাদের সক্ষমতা উন্নয়ন, সেবার মান ও আর্থিক স্থায়িত্ব মূল্যায়ন, রিসোর্স পুল তৈরি, বিভাগীয় পর্যায়ের বিভিন্ন কর্মসূচি, ট্রেনিং অব ট্রেইনার্স (টিওটি) ও ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি), সংশ্লিষ্ট অংশীজনদের সাক্ষাৎকারসহ দীর্ঘ মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে সারা দেশ থেকে ১৮ জন বিজয়ী উদ্যোক্তাকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। এ জন্য ডিজিটাল সেন্টারের চলমান কার্যক্রম, সাফল্যের গল্প উপস্থাপন, প্রেজেন্টেশন তৈরি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভিডিও নির্মাণসহ বিভিন্ন ধাপে উদ্যোক্তাদের দক্ষতা যাচাই করা হয়। সর্বশেষ ১৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অনুষ্ঠিত বিশেষ সাক্ষাৎকারের মাধ্যমে চূড়ান্ত মূল্যায়ন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব ফারাহ শাম্মী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটুআইয়ের প্রকল্প পরিচালক ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ার উদ্দিন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব মো. মজিবর রহমান, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আলমগীর হোসেন, মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব শেখ জোবায়ের আহমেদ, এটুআইয়ের হেড অব প্রোগ্রাম ম্যানেজমেন্ট সামস উল আরেফিন খান, ইউএনডিপির ইন্টারন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার মাহা এমিয়ার, ব্যাংক এশিয়া পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জিয়াউল হাসান মোল্লা এবং ইউএনডিপির সিনিয়র গভর্ন্যান্স স্পেশালিস্ট শীলা তাসনিম হক। অনুষ্ঠানে সারা দেশ থেকে বেজলাইন অ্যাসেসমেন্টের মাধ্যমে নির্বাচিত মোট ১৮ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।

সংশ্লিষ্টরা মনে করেন, জাতীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি তৃণমূল পর্যায়ে ডিজিটাল সেবার মান বৃদ্ধি, নতুন নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ এবং সাধারণ মানুষের দোরগোড়ায় সহজে সেবা পৌঁছে দিতে উদ্যোক্তাদের আরও অনুপ্রাণিত করবে।

সূত্র: মূল প্রতিবেদন