পৃথিবী সংবাদ ডেস্ক:
রংপুর বিভাগের বিভিন্ন লোকাল সাপ্লাই ডিপোতে (এলএসডি) কর্মকর্তা পদায়নে অনিয়ম ও অর্থ লেনদেনের অভিযোগ উঠেছে। অভিযোগের একদিকে রয়েছেন খাদ্য পরিদর্শক মো. নুরুন নবী বাবু, অন্যদিকে সদ্য বিদায়ী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক (আরসি ফুড) জহিরুল ইসলাম।
সংশ্লিষ্ট কয়েকজনের দাবি, পছন্দের এলএসডিতে পদায়ন পেতে কর্মকর্তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তৎকালীন আরসি ফুডের কাছে সুপারিশ করতেন নুরুন নবী বাবু। এ প্রক্রিয়ায় তিনি ও জহিরুল ইসলাম বড় অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, প্রয়োজনীয় শর্ত পূরণ করেও কয়েকজন কর্মকর্তা পদায়ন না পেলেও নুরুন নবী বাবু বারবার পছন্দের এলএসডিতে দায়িত্ব পেয়েছেন। তাঁর সর্বশেষ পদায়ন নিয়েও উঠেছে প্রশ্ন।
খাদ্য মন্ত্রণালয়ের ২০১৯ সালের ১ সেপ্টেম্বর জারি করা খাদ্য অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী বদলি/পদায়ন নীতিমালা-২০১৯-এর ২(ট) ধারায় বলা হয়েছে, ‘একাধিক্রমে ০২ (দুই) বার এলএসডি/সিএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা/সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা বা সহকারী ব্যবস্থাপক/ব্যবস্থাপকের দায়িত্ব পালন করার পর কোন কর্মকর্তাকে পুনরায় উক্ত পদে পদায়ন করতে হলে কমপক্ষে ০২ (দুই) বছর ভিন্ন প্রকৃতির কাজে নিয়োজিত থাকতে হবে।’
নুরুন নবী বাবু প্রথমে তারাগঞ্জ এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে দায়িত্ব ছাড়ার পর চার মাস ভিন্ন দায়িত্বে ছিলেন তিনি। এরপর তাকে রংপুর সদর এলএসডিতে একই পদে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ রংপুর সদর এলএসডি থেকে সরাসরি কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার জয়মনীরহাট এলএসডিতে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে তাকে।
অভিযোগ রয়েছে, সাবেক আরসি ফুড জহিরুল ইসলাম এলএসডিতে দায়িত্ব নিতে আগ্রহী বেশ কয়েকজন পরিদর্শককে পদায়ন করেননি। তাদের মধ্যে অনেকে প্রয়োজনীয় শর্ত পূরণ করেছিলেন। এমনকি কেউ কেউ এক এলএসডি থেকে অন্য এলএসডিতে পদায়নের মধ্যবর্তী সময়ে নুরুন নবী বাবুর চেয়েও বেশি সময় ভিন্ন দায়িত্বে ছিলেন। এরপরও তাঁদের পদায়ন না করে নুরুন নবী বাবুকে তাঁর পছন্দের এলএসডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে রংপুর বিভাগের বিভিন্ন এলএসডিতে কর্মকর্তা পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেনের অভিযোগ তুলেছেন কয়েকজন কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকটি এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শকদের অভিযোগ, নুরুন নবী বাবু বিভিন্ন কর্মকর্তার কাছ থেকে অর্থ নিয়ে তাদের পছন্দের এলএসডিতে পদায়নের জন্য তৎকালীন আরসি ফুড জহিরুল ইসলামের কাছে সুপারিশ করতেন। পরে তাদের মধ্য থেকে কয়েকজনকে চাহিদা অনুযায়ী এলএসডিতে পদায়ন করা হয়। এ প্রক্রিয়ায় মোটা অঙ্কের আর্থিক লেনদেনের বিষয়টি পুরো বিভাগে ওপেন সিক্রেট।
এলএসডিতে পদায়নে আগ্রহী দুইজন খাদ্য পরিদর্শক বলেন, রংপুর বিভাগের বিভিন্ন এলএসডিতে পছন্দের ব্যক্তিদের পদায়নের ক্ষেত্রে নুরুন নবী বাবু মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে। তাঁদের দাবি, নুরুন নবী বাবুকেও একাধিকবার পছন্দের এলএসডিতে দায়িত্ব দেওয়া হয়েছে।
গত ১১ নভেম্বর জহিরুল ইসলামকে খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হিসেবে বদলি করা হয়। দায়িত্ব ছাড়ার আগে তিনি নুরুন নবী বাবুকে জয়মনীরহাট এলএসডিতে পদায়ন করেন। বর্তমানে ভারপ্রাপ্ত রংপুর আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন ইকবাল বাহার চৌধুরী।
অভিযোগের বিষয়ে সদ্য বিদায়ী আরসি ফুড জহিরুল ইসলাম বলেন, নিজের পছন্দমতো পদায়ন না হলে অনেকেই অনেক অভিযোগ করেন। এগুলো ভিত্তিহীন। সবার মন যুগিয়ে বদলি পদায়ন সম্ভব নয়।
খাদ্য পরিদর্শক নুরুন নবী বাবু অভিযোগ অস্বীকার করে বলেন, আমি ছোট পোস্টে চাকরি করি। আমি কিভাবে বদলি বাণিজ্যে জড়াবো। নিজের বদলির ক্ষেত্রেও কোন ব্যত্যয় হয়নি বলেন তিনি।
বর্তমান ভারপ্রাপ্ত আরসি ফুড ইকবাল বাহার চৌধুরী বলেন, আমি নতুন যোগদান করেছি। এই বিষয়ে আগের আরসি ভাল বলতে পারবেন। তবে আমি বিষয়টি খোঁজ-খবর নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব।
সূত্র: মূল প্রতিবেদন
