নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের “শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট” শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ । বুধবার ৪ই মার্চ ২০২৫ বিকেলে এক প্রতিবাদ বার্তায় সংবাদে জড়ানো ভুক্তভোগী মো: শামসুল হক ও মানিক রায়হান মুক্তা জানান, অনলাইন পোর্টাল “দৈনিক বাংলার নিউজ” ও ফেইসবুক পেইজ “সুদিন সংবাদ” এ “শিবগঞ্জে নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি । সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত ভাবে আমাদের সম্মানহানি ও হয়রানি করার জন্য এমন অসত্য সংবাদ প্রকাশ করা হয়েছে বলে আমরা মনে করছি । সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহ না করেই এমন ভিত্তিহীন সংবাদ প্রকাশ করার প্রতিবাদ জানিয়ে তারা বলেন, একটি ঘটনার সঠিক তথ্য সংগ্রহ, যাচাই ও তার পেছনের ঘটনা জেনে সংবাদ প্রকাশ করা উচিত ছিল । কিন্তু সেটি না করে অযাচিত একটি সংবাদ প্রকাশ করা হয়েছে যা সংবাদপত্র ও সাংবাদিকতার পরিপন্থি । প্রকৃত ঘটনা হলো, আমাদের বংশীয় ও ভাগ বাটোয়ারা না করা একটি জমিতে আমাদের বংশীয় এক বোন পাকা ঘর নির্মাণ করতে গেলে আমরা অন্যান্য ভাই-বোন মিলে তা করতে নিষেধ করি । কিন্তু তা অমান্য করে বন্টন বিহীন জমিতে পাকা ঘর নির্মাণ শুরু করলে আমরা আদালতের স্মরণাপন্ন হই এবং মামলা দায়ের করি যার প্রেক্ষিতে আদালত বাড়ি নির্মাণের উপর স্থিতাবস্থা জারি করেছে । শিবগঞ্জ থানা বিষয়টি তদন্তও করছে । কিন্তু আদালতের রায় অমান্য ও তদন্ত চলাকালীন এবং মীমাংসার পরে কাজ শুরুর কথা থাকলেও তা ভঙ্গ করে গত ৩ মার্চ মঙ্গলবার রাতের অন্ধকারে বাড়ির ছাদ ঢালাইয়ের চেষ্টা করলে আমরা আবারো নিষেধ করতে যাই । এসময় তারাই আমাদের উপর চড়াও হয় এবং এক পর্যায়ে হাসুয়া ও লাঠি সোটা নিয়ে আমাদের তেড়ে আসে । আমরা প্রাণে বাঁচতে দৌড়ে পালাতে গেলে তারা আমি শামসুল হককে ধরে ফেলে কিল ঘুষি সহ এলোপাথাড়ি মারপিট করলে আমার ছোট ভাই আলামিন আমাকে বাঁচাতে আসে এবং তাকেও মেরে আহত করা হয় । এর পরপরই তাদের মধ্যে থেকে আব্দুল আলিম নামীয় একজন বালতি থেকে বের করে দুটি ককটেল বিস্ফোরণ ঘটালে আমরা পালিয়ে আসি । এসময় অভিযোগে ২০০ বস্তা সিমেন্ট লুটপাট করার বিষয়টি হাস্যকর ও বানোয়াট বলেও দাবী করেন তারা । এ বিষয়ে ভুক্তভোগী শামসুল হক বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ সহ ৩০/৩৫ জনের বিরুদ্ধে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন ।
