পৃথিবী সংবাদ ডেস্ক:
সুনামগঞ্জের ধর্মপাশায় সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি মোয়াজ্জেম হোসেন রতনসহ ৩৩ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। এ মামলায় অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাতে ধর্মপাশা থানায় মামলাটি করেন সেলবরষ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি রহিম বাদশা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার বাদশাগঞ্জ বাজারে অবস্থিত সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় মোয়াজ্জেম হোসেন রতন (৫১) এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি মোজাম্মেল হোসেন রোকনসহ (৪০) ৩৩ জনের নাম উল্লেখ করা হয়েছে।
এজাহারে অভিযোগ করা হয়, দেশের বাইরে অবস্থানরত সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের নির্দেশে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা আসামিরা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ করেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার দাবিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে বলেও এজাহারে উল্লেখ করা হয়।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সেলবরষ ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে সাবেক সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনসহ ৩৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে রোববার রাতে পেনাল কোডে মামলা হয়েছে।
সূত্র: মূল প্রতিবেদন
