Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
একসময় খুব ভালো বন্ধু ছিলেন, সেখান থেকে প্রেম, এরপর বিবাহিত জীবনের সূচনা, অনেকের জীবনেই এরকম ঘটনা ঘটে থাকে। তবে এই পরিবর্তন কিন্তু সবসময় সহজে বোঝা যায় না।
প্রথমদিকে একসঙ্গে সময় কাটানো বা খোঁজখবর নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলেও একসময় সেই বন্ধুত্বে তৈরি হতে পারে অন্যরকম এক অনুভূতি। অনেকের ক্ষেত্রে এই অনুভূতি নিজের অজান্তেই চলে আসে।
ছোট ছোট কিছু বিষয় খেয়াল করলেই আপনি বুঝতে পারবেন, বন্ধুর প্রতি আপনার অনুভূতি বন্ধুত্বের চেয়ে বেশি হয়ে উঠছে কি না।
আগেও হয়তো বন্ধুর সঙ্গে কথা বলতে ভালো লাগতো, অনেক কথা শেয়ার করতেন। কিন্তু যখনই দেখবেন তার সঙ্গে কথা বলাটা আপনার অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে, তখন বুঝবেন অনুভূতিও বদলে যাচ্ছে।
তার মেসেজ এলেই মন ভালো হয়ে যায়। কখন মেসেজ দেবে, কখন রিপ্লাই দেবে, সারাক্ষণ এটা নিয়েই পড়ে থাকেন। দিনের ছোট ছোট ঘটনাও সবার আগে তাকে জানাতে ইচ্ছে করে।
আগে দেখা হলে শুধু গল্প করতেন, আড্ডা দিতেন। কিন্তু এখন তার সঙ্গে চুপচাপ বসে থাকলেও ভালো লাগে। একসঙ্গে কাটানো সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছে বলে মনে হয়। আরও কিছুক্ষণ পাশে থাকতে ইচ্ছে করে।
তার সঙ্গে দেখা করার আগে পোশাক বা নিজের চেহারা নিয়ে একটু বেশি ভাবতে শুরু করেন। আপনার ছোট কোনো পরিবর্তন সে খেয়াল করল কি না, তার চোখে আপনাকে সুন্দর লাগছে কি না, এসব নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েন। তার কাছে নিজেকে ভালোভাবে তুলে ধরার চেষ্টা বাড়তে থাকে।
বন্ধু যখন অন্য কারও প্রতি আগ্রহের কথা বলে, তখন মন খারাপ হয়ে যায়। তার জীবনে অন্য কেউ আসুক, এমনটা ভাবতেও চান না আপনি। নিজের মধ্যে এমন অনুভূতি তৈরি হওয়া বন্ধুর প্রতি ভালোবাসার ইঙ্গিত হতে পারে।
