Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
বাসা থেকে বের হওয়ার পর তালা দিয়েছেন কি না, মনে করতে পারছেন না। পরিচিত কারও নাম হঠাৎ ভুলে যাচ্ছেন, অফিসের গুরুত্বপূর্ণ ফাইল বা রান্নাঘরের মসলার কৌটা কোথায় আছে সেটাও অনেক সময় ভুলে যাচ্ছেন। এমন ঘটনা আমাদের অনেকের সঙ্গেই ঘটে।
এগুলো সাধারণ ঘটনা। সাধারণত এসব নিয়ে দুশ্চিন্তার তেমন কিছু নেই। সাধারণ ভুলে যাওয়া মানেই স্মৃতিশক্তি কমে যাওয়া না। তবে বারবার একই জিনিস ভুলে যাওয়া, এমনকি এর কারণে দৈনন্দিন কাজে সমস্যা হলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত।
বিশেষজ্ঞদের মতে, সাধারণ ভুলে যাওয়া আর গুরুতর স্মৃতিশক্তির সমস্যার মধ্যে কিছু পার্থক্য আছে। কোনটি স্বাভাবিক আর কখন সতর্ক হতে হবে, তা জানা জরুরি।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের তথ্য মনে করার গতি কিছুটা কমতে পারে। এ ছাড়া আরও কিছু কারণে মানুষ সহজেই ভুলে যেতে পারেন। যেমন-
বিশেষজ্ঞদের মতে, মস্তিষ্ক কোনো তথ্য মনে রাখার আগে সেটির প্রতি মনোযোগ দেয়, তথ্যটি সঠিকভাবে সংরক্ষণ করে। মানসিক চাপ, ক্লান্তি বা একসঙ্গে অনেক কাজ করার কারণে এই প্রক্রিয়া ব্যাহত হতে পারে। ফলে মানুষ অনেক সময় কিছু বিষয় মনে রাখতে পারেন না।
কখনো চাবি কোথায় রেখেছেন ভুলে যাওয়া, কারও নাম মনে করতে একটু সময় লাগা বা ছোটখাটো কোনো কাজের কথা ভুলে যাওয়া স্বাভাবিক।
এ ধরনের ক্ষেত্রে কিছুক্ষণ পর নিজে থেকেই বিষয়টি মনে পড়ে যায়। আবার কেউ মনে করিয়ে দিলে আপনিও সহজেই মনে করতে পারেন।
বারবার ভুলে যাওয়ার কারণে যদি আপনার প্রতিদিনের কাজে সমস্যা হয়, তাহলে সতর্ক হওয়া উচিত। গুরুতর স্মৃতির সমস্যায় অনেক সময় কাউকে মনে করিয়ে দিলেও ব্যক্তি ভুলে যাওয়া ঘটনা বা নাম মনে করতে পারেন না।
