পৃথিবী সংবাদ ডেস্ক:
পোশাকশ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়ালে সংশ্লিষ্ট বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ইউনিয়ন পরিষদ, উপজেলা ও পৌরসভার মাধ্যমে এ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার সাভার পৌরসভার হলরুমে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।
শাহে আলম বলেন, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবি যেমন যৌক্তিক, তেমনি মালিকপক্ষেরও নিজস্ব অবস্থান রয়েছে। নিরপেক্ষ মজুরি বোর্ড উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে একটি বেতন কাঠামো নির্ধারণ করবে। শ্রমিকদের বেতন বাড়বে, এটা নিশ্চিত। তবে বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িভাড়া বাড়ানো হলে শ্রমিকরা আবারও দিশাহারা হয়ে পড়বেন।
বাড়ির মালিকদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, মজুরি বোর্ডের মাধ্যমে বেতন বাড়ার পরপরই যেন বাড়িভাড়া বাড়ানো না হয়। ভাড়া বৃদ্ধির যৌক্তিক কারণ থাকলে তা বিবেচনা করা যেতে পারে। কিন্তু শ্রমিকদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ালে তাঁদের দুর্ভোগ আরও বাড়বে।
তিনি জানান, আগামী এক-দুই দিনের মধ্যে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও মজুরি বোর্ড একসঙ্গে বসে বেতন কাঠামো নির্ধারণ করতে পারে। এ সিদ্ধান্তের মাধ্যমে পোশাকশিল্পে কর্মচাঞ্চল্য ফিরিয়ে এনে দেশের অর্থনীতির চালিকাশক্তিকে আরও গতিশীল করার আহ্বান জানান তিনি।
পোশাকশিল্পসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অস্থিরতা সৃষ্টির পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের বিদেশে অবস্থানরত নেতাকর্মীদের উসকানি রয়েছে বলেও অভিযোগ করেন প্রতিমন্ত্রী। তাঁর দাবি, বিদেশে অবস্থান করে কিছু লোককে উসকানি দেওয়া হচ্ছে। তাঁদের প্ররোচনায় দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে।
তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার মানবিক বিবেচনায় আন্দোলন ধৈর্যের সঙ্গে মোকাবিলা করছে। সরকার গুম, হত্যা কিংবা গুলি করে মানুষ হত্যার রাজনীতি করতে চায় না।
সম্প্রতি গোপালগঞ্জে সহিংসতার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, দেশের সব অঞ্চলের সমান উন্নয়নের প্রতিশ্রুতি নিয়ে সরকার দায়িত্ব নিয়েছে। গোপালগঞ্জের উন্নয়নে ইতোমধ্যে ১ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। তবে কোনো এলাকার মানুষ সেখানে থানা, উপজেলা পরিষদ কিংবা সরকারি অফিস রাখতে না চাইলে সরকার জোর করে প্রশাসনিক ব্যবস্থা চাপিয়ে রাখার প্রয়োজন মনে করে না।
সভায় উপস্থিত ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা প্রশাসক ফরিদা খানম, সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সাভার মডেল থানার ওসি মো. সাইফুল আলমসহ স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, পোশাক কারখানার মালিক ও শ্রমিক নেতারা।
সূত্র: মূল প্রতিবেদন
