পৃথিবী সংবাদ ডেস্ক:
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে মোতায়েন প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।
শনিবার রাতে দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, বাহরাইনের আল-রিফা ও আওয়ালি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থান লক্ষ্য করে এ অভিযান চালিয়েছে তাদের অ্যারোস্পেস ফোর্স। এতে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষাব্যবস্থার দুটি রাডার লক্ষ্যবস্তু করা হয় বলে দাবি করেছে বাহিনীটি।
আইআরজিসির জনসংযোগ দপ্তরের বিবৃতিতে বলা হয়, শনিবারের শুরু থেকে মধ্যপ্রাচ্যে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের ব্যয়বহুল সামরিক অভিযান ও আকাশপথে সুরক্ষার প্রচেষ্টা প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। বরং সমুদ্র ও আকাশপথে যেসব সামরিক সরঞ্জাম ও জাহাজকে সুরক্ষা দেওয়ার চেষ্টা করা হয়েছে, সেগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করে বাহিনীটি।
বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের দুটি এমকিউ-১ ও এমকিউ-৯ গোয়েন্দা ও আক্রমণক্ষমতাসম্পন্ন ড্রোন ইরানের আকাশসীমা লঙ্ঘন করে। এর জবাবেই বাহরাইনের ওই দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়।
ইরানের আকাশসীমাকে দেশটির সশস্ত্র বাহিনীর জন্য ‘রেড লাইন’ বা চূড়ান্ত সীমা হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। বিবৃতিতে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, কোনো দেশ বা আগ্রাসী শক্তি ইরানের আকাশসীমা লঙ্ঘন করলে তার জবাব দেওয়া হবে। এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে কঠোর ও চূড়ান্ত প্রতিক্রিয়া জানানো হবে।
তবে হামলায় রাডার দুটি ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের প্রকাশ করা হামলার ভিডিওচিত্রও তারা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। অন্যদিকে বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বেশ কয়েকটি ইরানি আকাশ হামলা প্রতিহত করেছে।
সূত্র: মূল প্রতিবেদন
