ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

পাকিস্তানের কাছে হারে ড্রেসিংরুমের তথ্য ফাঁসের ভূমিকা ছিল না: ক্রীড়া প্রতিমন্ত্রী


November 22, 2026 1:32 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সদ্য সমাপ্ত সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পেছনে ড্রেসিং রুমের তথ্য ফাঁসের কোনো ভূমিকা ছিল না বলে মনে করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এ ধরনের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করে তিনি বলেছেন, যারা এমন প্রশ্ন তুলেছেন, তারা অজ্ঞতা থেকেই তা করেছেন।

রোববার (২২ নভেম্বর) জাতীয় ক্রীড়া পরিষদের ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ডপ্রাপ্ত ক্রীড়াবিদদের চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যসুবিধা প্রদানের লক্ষ্যে ল্যাবএইড লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

আমিনুল হক বলেন, ‘আমি এটার সঙ্গে আসলে মোটেও একমত নই।

ড্রেসিং রুম থেকে এমন কোনো তথ্য ফাঁস হয়নি, যার কারণে বাংলাদেশ দল হেরে গেছে। যারা এ ধরনের প্রশ্ন তুলেছেন, আমি মনে করি, তারা অজ্ঞতা থেকেই প্রশ্নটি করেছেন।’

নিজেও ফুটবল খেলে এই পর্যায়ে এসেছেন উল্লেখ করে তিনি বলেন, ফুটবল ১১ জনের খেলা, গোলের খেলা। মাঠে কে কেমন পারফর্ম করবে, সেটিই শেষ পর্যন্ত ফল নির্ধারণ করে।

কোনো তথ্য বা টেকনিক্যাল-ট্যাকটিক্যাল বিষয় ফাঁস হওয়ার কারণে বাংলাদেশ হেরেছে, এমনটা মনে করেন না তিনি। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে বাংলাদেশের পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে আমিনুল বলেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের খেলা দেখে তিনি ফাইনালে ওঠার ব্যাপারে আশাবাদী হয়েছিলেন। ওই ম্যাচের পর সাংবাদিকদের বলেছিলেন, একই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে বাংলাদেশ নিশ্চিতভাবেই ফাইনাল খেলবে।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে বড় ব্যবধানে জয়ের আশাও করেছিলেন তিনি। তবে মাঠে খেলা শুরু হওয়ার পর তার মনে হয়েছে, বাংলাদেশের খেলোয়াড়রা কিছুটা চাপে ছিলেন। দর্শকদের চাপ, ফাইনালে ওঠার প্রত্যাশা এবং বড় দর্শকগোষ্ঠীর সামনে খেলার অনভিজ্ঞতা এর কারণ হতে পারে বলে মনে করেন তিনি।

অন্যদিকে পাকিস্তান দল বাংলাদেশের খেলার ধরন নিয়ে আগেই বিশ্লেষণ করেছিল বলে মন্তব্য করেন ক্রীড়া প্রতিমন্ত্রী। তার ভাষ্য, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ম্যাচ পাকিস্তানের কোচ ও কর্মকর্তারাও দেখেছেন। সেই ম্যাচ থেকে বাংলাদেশের খেলোয়াড়দের শক্তি ও খেলার ধরন সম্পর্কে ধারণা নিয়ে পাকিস্তান নিজেদের পরিকল্পনা সাজিয়েছে। বিশেষ করে ফাহমিদুল (ফারহান) আলী ও হামজা চৌধুরীকে কীভাবে মার্কিং করতে হবে, তা তারা ভালোভাবেই প্রয়োগ করেছে।

আমিনুলের মতে, পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশও গোলের সুযোগ পেয়েছিল। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারেনি। শেষ মুহূর্তে গোলরক্ষকের একটি ভুল সিদ্ধান্তের কারণে গোল হজম করতে হয় দলকে।

নিজে গোলরক্ষক ছিলেন উল্লেখ করে তিনি বলেন, ওই পরিস্থিতিতে সরাসরি মাঝমাঠে পাস না দিয়ে বলটি পাশে দেওয়া কিংবা লম্বা করে খেললে পাকিস্তানের পাল্টা আক্রমণের সুযোগ তৈরি হতো না। এমন ছোট ছোট ভুলের কারণেই ফুটবলে অনেক সময় ম্যাচ হারতে হয়। তার মতে, মাঠের পারফরম্যান্স, প্রতিপক্ষের কৌশল এবং নিজেদের ভুলই ম্যাচের ফল নির্ধারণ করেছে।

সূত্র: মূল প্রতিবেদন