ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

খাল পাড়ে জুতা দেখে সন্দেহ, ৬০ ফুট দূরে মিলল যুবকের মরদেহ


November 20, 2026 6:29 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

মানিকগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া খাল থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে সদর পুলিশ ফাঁড়ির পাশের একটি সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জিহাদুল ইসলাম আরিফ (২১) মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের বেতিলা গ্রামের আমজাদ হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে বাবার দোকানে যান আরিফ। পরে খালের পাড়ে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যান বলে ধারণা করা হচ্ছে। এরপর স্বজন ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

শুক্রবার খালের পাড়ে আরিফের জুতা পড়ে থাকতে দেখে স্বজনদের সন্দেহ হয়, তিনি পানিতে পড়ে থাকতে পারেন। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় খালে তল্লাশি শুরু করে। প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজির পর সদর পুলিশ ফাঁড়ির পাশের সেতুর নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

মানিকগঞ্জ ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. মিয়ারাজ উদ্দীন বলেন, দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। নিখোঁজ যুবকের জুতা যেখানে পাওয়া গিয়েছিল, সেই স্থানকে কেন্দ্র করে খালে তল্লাশি চালানো হয়। পরে প্রায় ৬০ ফুট দূরে পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবকের নিখোঁজ হওয়ার খবর পাওয়া যায়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিস তার মরদেহ উদ্ধার করে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।