Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
আজ প্রধানমন্ত্রী ও সংসদ নেতা এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের জন্মদিন। শুক্রবার (২০ নভেম্বর) তিনি ৬২ বছরে পদার্পণ করছেন। এই দিন অর্থাৎ ১৯৬৫ সালের ২০ নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান জন্মগ্রহণ করেন।
দিনটি উপলক্ষে বিএনপি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে শুভেচ্ছা জানানো হয়েছে।
কঠোর শৃঙ্খলাবোধসম্পন্ন পিতার সন্তান তারেক রহমানের শৈশব কেটেছে এক সাধারণ ও সাদামাটা পরিবেশে। তার পরিবারের মূলমন্ত্র ছিল অনাড়ম্বর জীবনযাপন। স্কুলে যাওয়ার বয়স হলে তার বাবা-মা তাকে ঢাকা সেনানিবাসের শাহীন স্কুল অ্যান্ড কলেজে ভর্তি করান। সে সময় এটি ছিল ইংরেজি মাধ্যমের একটি শিক্ষাপ্রতিষ্ঠান, যেখানে কেবল সামরিক বাহিনীর সদস্যদের সন্তানদের পড়াশোনার সুযোগ ছিল। তিনি অত্যন্ত কৃতিত্বের সঙ্গে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন।
দেশের অন্যতম শীর্ষস্থানীয় সরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উচ্চশিক্ষার যাত্রা শুরু হয়। স্নাতক পর্যায়ে তিনি আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিষয়কে নিজের পছন্দের বিষয় হিসেবে বেছে নেন।
নিয়মিত শিক্ষাকার্যক্রমের পাশাপাশি তারেক রহমান সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটল, হবস, লক, রুশো, ভলতেয়ার, কার্ল মার্কসসহ বিভিন্ন রাজনৈতিক ও সমাজ চিন্তাবিদের দর্শন ও রাজনৈতিক চিন্তাধারা গভীরভাবে অধ্যয়ন করেন। এসব মহান চিন্তাবিদের দর্শন রাষ্ট্র, রাজনীতি ও গণতন্ত্রের প্রকৃত তাৎপর্য অনুধাবনে তার জ্ঞান ও উপলব্ধিকে সমৃদ্ধ করে। তিনি এমন এক উত্তাল রাজনৈতিক সময়ে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ছিলেন, যখন তার মা বেগম খালেদা জিয়া স্বৈরশাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছিলেন।
স্নাতক পর্যায়ে রাষ্ট্র ও রাজনীতির তাত্ত্বিক বিষয়গুলো সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জনের পাশাপাশি মায়ের নেতৃত্বে চলমান গণ-আন্দোলনের পরিবেশ তাকে স্বাভাবিকভাবেই রাজনীতির প্রতি আকৃষ্ট করে।
১৯৮৮ সালে তারেক রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে প্রবেশ করেন। পিতার জন্মস্থান উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রাথমিক সদস্যপদ গ্রহণের মাধ্যমে তার রাজনৈতিক পথচলা শুরু হয়। ১৯৯৩ সালে তিনি বগুড়া জেলা বিএনপির সদস্য হন। ১৯৯১ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষে জনমত গঠনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ পান।
দলের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে তারেক রহমান তার মায়ের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পাঁচটি আসনের নির্বাচনি প্রচার কার্যক্রম সমন্বয় করেন।
