ঢাকাThursday , 19 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. খেলাধুলা
  6. চাকরি
  7. জাতীয়
  8. ধর্ম
  9. প্রবাস
  10. প্রযুক্তি
  11. বাণিজ্য
  12. বিনোদন
  13. মতামত
  14. রাজধানী
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব পুরুষ দিবস আজ ত্যাগ, দায়িত্ব আর না-বলা কষ্টের গল্প পুরুষের


November 19, 2026 11:27 pm
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

সমাজের প্রতিটি স্তরে দায়িত্বের ভার কাঁধে নিয়ে নীরবে এগিয়ে চলেন পুরুষেরা। কখনো বাবা, কখনো ভাই, কখনো স্বামী কিংবা সন্তান হিসেবে পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তাঁরা। পরিবার থেকে শুরু করে সমাজ ও রাষ্ট্র গঠনেও রয়েছে পুরুষের উল্লেখযোগ্য অবদান। তবে দায়িত্ব পালনের আড়ালে তাঁদেরও রয়েছে আবেগ, অনুভূতি, মানসিক চাপ, স্বপ্ন ও নানা না-বলা কষ্ট।

পুরুষের ইতিবাচক অবদান, অধিকার, মর্যাদা এবং শারীরিক ও মানসিক স্বাস্থ্য বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পালিত হচ্ছে বিশ্ব পুরুষ দিবস।

প্রতি বছর ১৯ নভেম্বর বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালন করা হয়। বাবা, ভাই, বন্ধু, সহকর্মী, স্বামী কিংবা প্রিয়জন—জীবনের কাছের পুরুষদের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সম্মান জানানোরও একটি বিশেষ উপলক্ষ এই দিন।

১৯৯৯ সালের ১৯ নভেম্বর ত্রিনিদাদ ও টোবাগোতে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে বিশ্ব পুরুষ দিবস পালিত হয়। ওয়েস্ট ইন্ডিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে দিবসটির যাত্রা শুরু হয়। তবে পুরুষ দিবস পালনের ধারণা আরও পুরোনো। ১৯৬৯ সালের ফেব্রুয়ারিতে নিউইয়র্ক টাইমসের একটি নিবন্ধে ২৩ ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক পুরুষ দিবস হিসেবে পালনের আগ্রহের কথা উঠে আসে। আন্তর্জাতিক নারী দিবসের আদলে পুরুষদের জন্যও একটি নির্দিষ্ট দিন চালুর দাবি জানানো হয়েছিল।

পরবর্তী সময়ে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, কলম্বিয়া, রাশিয়া ও চীনের মতো কয়েকটি দেশে বিচ্ছিন্নভাবে পুরুষ দিবস পালিত হয়। তবে এসব উদ্যোগ স্থায়ী হয়নি। শেষ পর্যন্ত ১৯৯৯ সালে জিরোম টিলাকসিংয়ের উদ্যোগে ১৯ নভেম্বর দিনটিকে বিশ্ব পুরুষ দিবস হিসেবে পালনের সূচনা হয়।

নভেম্বর মাসজুড়েই বিশ্বের বিভিন্ন দেশে পুরুষদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতনতা বাড়াতে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে অন্যতম ‘মুভেম্বর’। ‘মুভেম্বর’ শব্দটি এসেছে ‘মুশটাস’ (গোঁফ) ও ‘নভেম্বর’ শব্দের সমন্বয়ে। এ উপলক্ষে নভেম্বর মাসে বিশ্বের বিভিন্ন দেশের পুরুষেরা গোঁফ রাখেন। এর মাধ্যমে তাঁরা পুরুষদের স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বার্তা ছড়িয়ে দেন।

এই উদ্যোগের মূল লক্ষ্য পুরুষদের স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা তৈরি এবং বিভিন্ন স্বাস্থ্য উদ্যোগের জন্য তহবিল সংগ্রহ করা। বিশেষ করে প্রোস্টেট ক্যানসার, শুক্রাশয়ের ক্যানসার, মানসিক স্বাস্থ্য এবং আত্মহত্যা প্রতিরোধের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ব পুরুষ দিবস পালনের মূল উদ্দেশ্য হলো পরিবার, সমাজ ও রাষ্ট্রে পুরুষের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাঁদের জীবনের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ সম্পর্কে সচেতনতা তৈরি করা। দিবসটিতে পুরুষের শারীরিক ও মানসিক স্বাস্থ্য, আত্মহত্যা প্রতিরোধ, পারিবারিক দায়িত্ব এবং সামাজিক প্রত্যাশার কারণে তৈরি হওয়া মানসিক চাপের বিষয়গুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।