ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ভারতে ঢুকে হাসিনাকে ধরে নিয়ে আসব: নাসীরুদ্দীন পাটওয়ারী


November 27, 2026 8:00 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

শেখ হাসিনা সীমান্তে আসার দুঃসাহস দেখালে তাঁকে ভারত থেকে ধরে এনে বাংলাদেশে শাস্তি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি অভিযোগ করেছেন, বাংলাদেশের মানুষের ওপর গুলি চালিয়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে গাজীপুরে এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ ও বিএনপির সমালোচনা করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, গত আট মাসে বিএনপি ও আওয়ামী লীগের মধ্যে গোপন সমঝোতা বা সখ্য তৈরি হয়েছিল। তবে সেই সম্পর্ক এখন আর টিকে নেই। বাংলাদেশের মানুষের বিরুদ্ধে অবস্থান নিলে লক্ষ-কোটি মানুষ তাদের রাজনৈতিক ব্যবস্থা আর মেনে নেবে না বলেও সতর্ক করেন তিনি।

নির্বাচনের সময় তারেক রহমানকে আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের আঁতাত না করার পরামর্শ দেওয়া হয়েছিল উল্লেখ করে পাটওয়ারী বলেন, আঁতাত করার কারণেই তাঁরা বিপদে পড়েছেন।

তিনি বলেন, মিলিটারি, সিভিল সার্ভিস, সিভিল সোসাইটি ও গার্মেন্টস খাতসহ রাষ্ট্রের কোনো জায়গায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা যাবে না। বরং সর্বত্র থেকে তাদের বিতাড়িত করতে হবে। সরকার এ কাজে ব্যর্থ হলে তাঁরা নিজেরাই ভবিষ্যতের জন্য প্রস্তুত আছেন বলেও জানান তিনি।

বক্তব্যে শহীদ উসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি প্রশ্ন তোলেন, তারেক রহমান কেন এ হত্যাকাণ্ডের বিচার করছেন না? ছাত্র-জনতার রক্তের ওপর দাঁড়িয়ে ক্ষমতায় গিয়ে বর্তমান নেতৃত্ব যদি এ বিচার থেকে পিছিয়ে আসে, তাহলে ভবিষ্যতে তাঁরা নিজেরাই ক্ষমতায় গিয়ে হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করবেন বলে হুঁশিয়ারি দেন তিনি।

পরিশেষে রাজপথ না ছাড়ার ঘোষণা দিয়ে পাটওয়ারী বলেন, বাংলাদেশে হত্যাকাণ্ডের বিচার হবে এবং আজাদির স্লোগান অব্যাহত থাকবে। দেশে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ কিংবা সন্ত্রাসীর স্থান হবে না।

সূত্র: মূল প্রতিবেদন