ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

নূহ (আ.)-এর নৌকার সন্ধান, ৪৩০০ বছর আগের কাঠ উদ্ধার


November 27, 2026 5:54 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

তুরস্কের আরারাত পর্বতের কাছে নূহ (আ.)-এর নৌকার সন্ধানে পাওয়া কাঠের বয়স প্রায় ৪ হাজার ৩০০ বছর বলে দাবি করেছে গবেষকদের একটি দল। প্রাথমিক পরীক্ষাগারের ফলাফলে কাঠের নমুনার এ বয়স পাওয়া গেছে বলে জানিয়েছেন গবেষণা দলের প্রতিষ্ঠাতা অ্যান্ড্রু জোনস। তাঁর দাবি, কাঠের বয়সের সঙ্গে বাইবেলে বর্ণিত মহাপ্লাবনের প্রচলিত সময়কালের মিল রয়েছে।

রোববার (২২ নভেম্বর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ‘নোয়াস আর্ক স্ক্যানস’ (Noah’s Ark Scans) নামের গবেষণা দলের সদস্যরা তুরস্কের আরারাত পর্বতের কাছে একটি স্থান থেকে কাঠের নমুনা সংগ্রহ করেছেন। নমুনাগুলো ভূ-পৃষ্ঠের প্রায় ৩০ ফুট গভীর থেকে উদ্ধার করা হয়েছে। গবেষকদের দাবি, কাঠের কিছু অংশ পোড়া অবস্থায় ছিল এবং কয়েকটি টুকরায় যন্ত্রের সাহায্যে কাজ করার চিহ্ন রয়েছে।

ফক্স নিউজের ‘স্যাটারডে ইন আমেরিকা’ অনুষ্ঠানে অ্যান্ড্রু জোনস বলেন, ‘আমরা জানাতে পারি, নমুনাগুলোর বয়স প্রায় ৪ হাজার ৩০০ বছর। এটি নূহের মহাপ্লাবনের প্রচলিত সময়কালের কয়েকটির সঙ্গে মিলে যায়। অর্থাৎ আমরা সঠিক সময়সীমার মধ্যেই রয়েছি।’

জোনস জানান, গবেষণা দলটি কয়েক ব্যাগ পোড়া কাঠের মতো দেখতে নমুনা সংগ্রহ করেছে। তবে কীভাবে কাঠগুলো ওই স্থানে পৌঁছেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আরও পরীক্ষা-নিরীক্ষা চলছে।

নমুনাগুলো তুরস্কের দুরুপিনার (Durupinar) নামের একটি স্থানের পশ্চিম পাশে পাওয়া গেছে। জোনসের ভাষ্য অনুযায়ী, স্থানটির নৌকার মতো আকৃতির কাঠামোর দৈর্ঘ্য প্রায় ৩০০ কিউবিট, যা বাইবেলে নূহের নৌকার জন্য উল্লেখ করা দৈর্ঘ্যের সঙ্গে মিলে যায়।

গবেষণা দলের প্রতিষ্ঠাতা দাবি করেন, তিনি নূহের প্রকৃত নৌকার সন্ধান পেয়েছেন বলে বিশ্বাস করেন এবং বৈজ্ঞানিক প্রমাণ অনুসরণ করেই তাঁদের গবেষণা এগিয়ে নিচ্ছেন।

তবে গবেষকদের এই দাবি নিয়ে বিতর্ক রয়েছে। প্রচলিত বৈজ্ঞানিক মত অনুযায়ী, দুরুপিনার এলাকার নৌকার মতো আকৃতির কাঠামোটি মূলত প্রাকৃতিকভাবে তৈরি পাথুরে গঠন। ফলে সেখানে নূহের নৌকার অস্তিত্বের দাবির পক্ষে এখনো সর্বজনস্বীকৃত বৈজ্ঞানিক প্রমাণ পাওয়া যায়নি।

জোনস জানান, ছয় দশকেরও বেশি সময় আগে স্থানটিতে নৌকার মতো আকৃতির কাঠামোটি আবিষ্কারের পর থেকেই এ নিয়ে আগ্রহ তৈরি হয়। নতুন নমুনা সংগ্রহ ও পরীক্ষার মাধ্যমে তাঁরা রহস্যের আরও তথ্য উদ্‌ঘাটনের চেষ্টা করছেন।

সূত্র: মূল প্রতিবেদন