ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

ডিসেম্বর ঘিরে নাশকতার বহুমুখী নীলনকশা ফাঁস, লগি-বৈঠার ছক


November 27, 2026 11:55 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

ডিসেম্বর ঘিরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতার পরিকল্পনা নিয়ে বিভিন্ন তথ্য সামনে আসার কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র। যানবাহনে অগ্নিসংযোগ, লগি-বৈঠার মহড়া, সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসায়ীদের লক্ষ্য করে হামলা, অর্থের জোগান এবং পুলিশ বাহিনীর ভেতরে গোপন সহযোগিতার অভিযোগ ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে নিরাপত্তা বাহিনী। নাশকতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি, সাইবার পর্যবেক্ষণ ও দেশজুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড, পুলিশ বাহিনীর তথ্য পাচার এবং ভেতর থেকে গোপনে সহায়তার অভিযোগে জড়িত কর্মকর্তাদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারি শুরু হয়েছে। পাশাপাশি পুলিশে শুদ্ধি অভিযানও চলছে। এরই মধ্যে গুরুতর অভিযোগে পুলিশ সুপার জাহাঙ্গীর আলম, মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল হাসান ও মো. রকিবুল হাসানকে গ্রেপ্তার করে হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা বৃহস্পতিবার জানান, ওই চার পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে কাজ করার অভিযোগ রয়েছে। সন্দেহভাজন পুলিশ সদস্যদের চলাফেরা ও কর্মকাণ্ডের ওপরও কড়া নজরদারি রাখা হচ্ছে বলে জানান তিনি।

এদিকে আগামী ১৬ ডিসেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে দেশে অস্থিতিশীলতা তৈরি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের আশঙ্কা করছে আইনশৃঙ্খলা বাহিনী। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, লগি-বৈঠার মাধ্যমে সংঘাত সৃষ্টি এবং বিভিন্ন গোষ্ঠীকে লক্ষ্য করে হামলার পরিকল্পনার তথ্য পাওয়া গেছে। এসব অপতৎপরতা ঠেকাতে সীমান্ত ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক প্রচারণা ঠেকাতে সাইবার নজরদারিও জোরদার করা হয়েছে। পুলিশ সদর দপ্তরের মুখপাত্র কামারুম মুনিরা বলেন, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা প্রতিরোধে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। নিষিদ্ধ সংগঠনকে কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না।

সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য অনুযায়ী, সাম্প্রতিক সময়ে রাজধানী ঢাকা, সাভার, আশুলিয়াসহ দেশের বিভিন্ন স্থানে যানবাহনে অগ্নিসংযোগ, ককটেল হামলা, লগি-বৈঠার মহড়া এবং সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও ভাঙচুরের পরিকল্পনা নিয়ে তথ্য পাওয়া গেছে। এসব কর্মকাণ্ডে অর্থের জোগান দিতে দেশের বাইরে অবস্থানরত কয়েকজন নেতা হুন্ডি ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ পাঠাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। কেউ কেউ দেশে থাকা সম্পত্তি ও ব্যবসাপ্রতিষ্ঠান বিক্রি করেও অর্থের জোগান দিচ্ছেন বলে দাবি সূত্রগুলোর।

সূত্রগুলোর আরও দাবি, মাঠপর্যায়ে সক্রিয় রাজনৈতিক কর্মীর ঘাটতি থাকায় অর্থের বিনিময়ে মাদকসেবী, ছিনতাইকারী ও কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করা হচ্ছে। তাদের দিয়ে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটানোর তথ্যও পাওয়া গেছে। এ ছাড়া আগে সাধারণ কর্মী হিসেবে পরিচিত ছিলেন, এমন কিছু ব্যক্তি শীর্ষ নেতাদের চাপ বা পদ-পদবি ধরে রাখার স্বার্থে নাশকতায় জড়ানোর চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।

সাম্প্রতিক অগ্নিসংযোগের ঘটনাগুলো বিশ্লেষণ করে গোয়েন্দারা আরও কিছু তথ্য পেয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। তাদের দাবি, আগুন দেওয়া কিছু বাস ও যানবাহনের মালিক আওয়ামী লীগের নেতা বা তাদের ঘনিষ্ঠজন। এসব পুরোনো গাড়ির মূল্যবান ইঞ্জিন ও যন্ত্রাংশ আগেই খুলে রেখে শুধু পরিত্যক্ত বডিতে আগুন দেওয়া হচ্ছে। সরকারকে রাজনৈতিক চাপে রাখা এবং জনমনে আতঙ্ক তৈরির উদ্দেশ্যে এমন ঘটনা ঘটানো হচ্ছে বলে ধারণা গোয়েন্দাদের।

গোয়েন্দা সূত্রের দাবি, পুরোনো কায়দায় ‘লগি-বৈঠা’র রাজনীতি ফিরিয়ে আনার চেষ্টা চলছে। সম্প্রতি সাভার ও আশুলিয়ার জিরাবো এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ লগি-বৈঠাসহ ১৭ জনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে সূত্রগুলো বলছে, নির্দিষ্ট একটি স্থান থেকে কেন্দ্রীয়ভাবে এসব লগি-বৈঠা তৈরি করে দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করা হচ্ছে।

এদিকে রাজনৈতিক উদ্দেশ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনাকে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেছে গোয়েন্দা সূত্র। তাদের ভাষ্য, আগে মন্দির বা উপাসনালয়কে লক্ষ্যবস্তু করা হলেও এবার হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী ও তাঁদের ব্যবসাপ্রতিষ্ঠানকে টার্গেট করার আশঙ্কা রয়েছে।

গোয়েন্দাদের ধারণা, ব্যবসায়ীদের বাসা ও প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর এবং স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটপাটের ঘটনা ঘটিয়ে এর দায় প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর চাপানোর চেষ্টা হতে পারে। পাশাপাশি আতঙ্ক ছড়িয়ে অর্থনীতি ও সাম্প্রদায়িক সম্প্রীতি ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যও থাকতে পারে। এসব আশঙ্কা বিবেচনায় সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলোতে পাহারা ও নজরদারি বাড়ানো হয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে সম্ভাব্য নাশকতা ঠেকাতে থানাভিত্তিক সংখ্যালঘু ব্যবসায়ীদের তালিকা তৈরি, যৌথ সুরক্ষা বলয় গঠন এবং পাড়া-মহল্লায় সর্বদলীয় সম্প্রীতি কমিটি গঠনের সুপারিশ করা হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বর ঘিরে সম্ভাব্য নাশকতা প্রতিরোধে পুলিশ সদর দপ্তর থেকে প্রতিটি জেলা ও মেট্রোপলিটন পুলিশকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তবর্তী এলাকা ও গুরুত্বপূর্ণ স্থানে বাড়তি সতর্কতা এবং নজরদারি বাড়ানো হয়েছে। নাশকতাকারীদের অর্থের উৎস, মোবাইল ব্যাংকিং লেনদেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো চক্র শনাক্তে সাইবার ও গোয়েন্দা ইউনিট কাজ করছে।

এ ছাড়া প্রতিটি থানা এলাকায় হিন্দু সম্প্রদায়ের ব্যবসায়ী, বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের তালিকা তৈরি করে পুলিশি টহল, চেকপোস্ট এবং সাদা পোশাকে নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয় হিন্দু নেতাদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। সাভার, আশুলিয়া ও গাজীপুরের মতো শিল্পাঞ্চলে কারখানার কার্যক্রম সচল রাখা এবং বহিরাগতদের উসকানি ঠেকাতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান ডিআইজি শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, যেকোনো ধরনের নাশকতা ও অস্থিতিশীলতা সৃষ্টির অপচেষ্টা ঠেকাতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়ানো চক্র শনাক্তে সাইবার ইউনিট সার্বক্ষণিক কাজ করছে। জননিরাপত্তা বিঘ্নিত করার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

সূত্র: মূল প্রতিবেদন