ঢাকাFriday , 27 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ: স্পিকার


November 27, 2026 11:38 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

অতীত পেছনে ফেলে পাকিস্তানের সঙ্গে সম্পর্কের নতুন ও শক্তিশালী অধ্যায় শুরু করতে চায় বাংলাদেশ। দুই দেশের জনগণের মধ্যে ভালোবাসা ও শ্রদ্ধার গভীর অনুভূতি রয়েছে।

বাণিজ্য, বিনিয়োগ ও ব্যবসায়িক সহযোগিতা বাড়ানোর মাধ্যমে এ সম্পর্ক আরও জোরদার করা সম্ভব বলে মনে করেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। শুক্রবার (২৭ নভেম্বর) পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) বরাতে ঢাকার পাকিস্তান হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এলসিসিআই) পরিদর্শন করে। সেখানে আয়োজিত এক মতবিনিময় সভায় স্পিকার এসব কথা বলেন।

স্পিকার বলেন, পাকিস্তান সফর তার জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা। দেশটির নেতৃত্বের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তা প্রশংসনীয়।

দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে ব্যবসায়ী সম্প্রদায়ের মধ্যে সরাসরি যোগাযোগ বাড়ানো জরুরি। তিনি বলেন, লাহোর, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের চেম্বারগুলোর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়ী প্রতিনিধিদলের সফর এবং ব্যবসায়ী-ব্যবসায়ী (বিটুবি) বৈঠকের মাধ্যমে পারস্পরিক বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে।

অনুষ্ঠানে এলসিসিআইয়ের সভাপতি আলী হুসাম আসগর স্বাগত বক্তব্য দেন। তিনি বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয়, বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় তিনি বাংলাদেশের শিল্পোন্নয়ন, রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, ব্যবসায়িক সংস্কার এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণের প্রশংসা করেন। বাংলাদেশের অভিজ্ঞতা থেকে পাকিস্তান উপকৃত হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

এলসিসিআইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সারদার উসমান ঘানি আশা প্রকাশ করেন, বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের এ সফর দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সহযোগিতার নতুন সুযোগ অনুসন্ধানে সহায়ক হবে।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট চৌধুরী খাদিম হোসেন। এ সময় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার মুহাম্মদ ইকবাল হোসেন খান উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে আরও ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহরাত আদিব চৌধুরী, সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মুহাম্মদ নাজিবুর রহমান, নিলুফার চৌধুরী মনি ও নাসের রহমান এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক (এসএ-২) জাকারিয়া বিন আমজাদসহ অন্যরা।

এ ছাড়া অনুষ্ঠানে পাকিস্তানের লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক ও বর্তমান নেতারা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন