Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
গত আসরের চ্যাম্পিয়ন বাইনারি ব্লাস্টার্সকে হারিয়ে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটির (আইএসইউ) ফুটবল ফেস্টের দ্বিতীয় আসরে শিরোপা জিতেছে লেগ্যাসি ইউনাইটেড। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনালে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বাইনারি ব্লাস্টার্সকে ২-০ গোলে হারিয়েছে ব্যবসায় প্রশাসন বিভাগের দলটি।
গত রোববার (১৫ নভেম্বর) রাজধানীর পূর্বাচলের ১১ নম্বর সেক্টর ফুটবল মাঠে অনুষ্ঠিত হয় ‘আইএসইউ ফুটবল ফেস্ট, সিজন-২’-এর ফাইনাল। বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাবের আয়োজনে এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগের মোট ছয়টি দল অংশ নেয়।
সেমিফাইনালে চার দলের লড়াই শেষে শিরোপা নির্ধারণী ম্যাচে জায়গা করে নেয় লেগ্যাসি ইউনাইটেড ও বাইনারি ব্লাস্টার্স। শেষ পর্যন্ত দুই গোলের জয়ে প্রথমবারের মতো এই প্রতিযোগিতার শিরোপা জিতে নেয় লেগ্যাসি ইউনাইটেড।
এর আগে ২০২৫ সালে অনুষ্ঠিত প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছিল বাইনারি ব্লাস্টার্স। ফলে টানা দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ থাকলেও এবার রানার্সআপ হয় দলটি।
দলীয় সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত পুরস্কারেও আধিপত্য ছিল ব্যবসায় প্রশাসন বিভাগের। টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন শাওন। সর্বোচ্চ গোলদাতা হয়েছেন একই বিভাগের আমিনুল। আর প্রতিযোগিতার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন তানিম।
ফাইনাল শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এইচ টি এম কাদের নেওয়াজ, স্পোর্টস ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ আলী, রেজিস্ট্রার ফাইজুল্লাহ কৌশিক এবং স্পোর্টস ক্লাবের মডারেটর মুহাম্মদ আবু নাজিম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. এইচ টি এম কাদের নেওয়াজ বলেন, শিক্ষার্থীদের পরিপূর্ণ বিকাশে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে শারীরিক সুস্থতার পাশাপাশি নেতৃত্বের গুণাবলি, দলগত কাজের দক্ষতা, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তাই একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও অংশ নেওয়া প্রয়োজন।
