পৃথিবী সংবাদ ডেস্ক:
অভিনেতা সোহেল খানকে নিজ গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) মাগরিবের নামাজের পর রাজাপুর ঈদগাহ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়। পরে গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়। এ সময় স্বজন, প্রতিবেশী ও স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এর আগে, একইদিন সকালে বগুড়ায় সিনেমার শুটিংয়ে গিয়ে অসুস্থ হয়ে পড়েন সোহেল খান। পরে তাকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। তিনি ধামরাই উপজেলার রাজাপুর গ্রামের মৃত আতাউর রহমান খানের ছেলে।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায়, শোকাহত স্বজন ও এলাকাবাসী নীরবে দাঁড়িয়ে আছেন। কেউ কান্নায় ভেঙে পড়ছেন, কেউ বাকরুদ্ধ হয়ে বসে আছেন। প্রিয় মানুষটির এমন চলে যাওয়া মেনে নিতে কষ্ট হচ্ছে তাদের।
সোহেল খানের অভিনয়ের একটি বিশেষ দিক ছিল স্থানীয় মানুষের জীবন ও সংস্কৃতিকে পর্দায় তুলে ধরা। নিজের এলাকার ভাষা, রীতিনীতি ও আচার-ব্যবহারকে অভিনয়ের মধ্য দিয়ে জীবন্ত করে তুলতেন তিনি। তার ভাগনে মোহাম্মদ নাহিদ হোসেন খানের কাছে মামার এই গুণের পাশাপাশি সবচেয়ে বেশি মনে পড়ে তার নিরহংকার স্বভাব।
মোহাম্মদ নাহিদ হোসেন খান বলেন, ‘সোহেল মামা আঞ্চলিক ভাষায় কথা বলা বা এলাকার যে রীতিনীতি, আচার-ব্যবহার, এগুলো অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতেন। তার ভেতরে অহংকার বলতে কোনো কিছু ছিল না। ধনী-গরিব তার কাছে কোনো ভেদাভেদ ছিল না।’
উল্লেখ্য, টেলিভিশন নাটকে অভিনয়ের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া সোহেল খান পরে চলচ্চিত্রেও নিজের অবস্থান তৈরি করেন। ২০০৭ সালে ‘নয় নম্বর বিপদ সংকেত’, ‘দারুচিনি দ্বীপ’ ও ‘বউয়ের জ্বালা’ সিনেমায় অভিনয় করেন। এরপর ‘খোঁজ: দ্য সার্চ’ (২০১০), ‘প্রজাপতি’ (২০১১), ‘কমন জেন্ডার’ (২০১২), ‘লাল টিপ’ (২০১২), ‘ইঞ্চি ইঞ্চি প্রেম’ (২০১৩), ‘অনেক সাধের ময়না’ (২০১৪), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘পরবাসিনী’ (২০১৭), ‘বীর’ (২০২০), ‘কেমনে কী!’ (২০২১) ও ‘শান’ (২০২২) সিনেমায় অভিনয় করেছেন।
সূত্র: মূল প্রতিবেদন
