পৃথিবী সংবাদ ডেস্ক:
পিরোজপুরের কাউখালীতে প্রধানমন্ত্রীর সঙ্গে কাজ করার পরিচয় দিয়ে স্বল্পমূল্যে ফ্যামিলি কার্ডসহ নানা প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্ধকোটি টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে।
এ ঘটনায় চক্রটির তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। তবে চক্রের মূল হোতা পালিয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন।
রোববার রাত ৯টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতারণার অভিযোগ জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতারা ধাওয়া করে তিনজনকে আটক করেন। পরে তাদের কাউখালী থানায় সোপর্দ করা হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, উপজেলার আসপরদী গ্রামসহ বিভিন্ন এলাকার শতাধিক মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার কথা বলে টাকা সংগ্রহ করেছে চক্রটি। মূল হোতা হিসেবে অভিযুক্ত শাকিল আহমেদ নিজেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কাজ করেন বলে পরিচয় দিতেন। তিনি মাত্র সাড়ে তিন হাজার টাকায় ফ্যামিলি কার্ড, ৫০ হাজার টাকায় সরকারি ঘর এবং ১৫ হাজার টাকায় গভীর নলকূপ দেওয়ার প্রলোভন দেখান।
অভিযোগ রয়েছে, প্রায় দুই মাস আগে স্বল্পমূল্যে চাল, ডাল, তেল, আটা ও মশলা সরবরাহ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন চক্রটি। পরে সরকারি সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাসে বড় অঙ্কের টাকা সংগ্রহ করে তারা আত্মগোপনে চলে যান। চক্রের প্রধান সহযোগী হিসেবে অভিযুক্ত ফাহিমা একদিন আগেই কাউখালী ছেড়ে পালিয়ে গেছেন বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
ঘটনা জানাজানি হওয়ার পর প্রতারণার শিকার নারী-পুরুষেরা কাউখালী থানায় ভিড় করেন। তাদের মধ্যে অর্ধশতাধিক নারীও ছিলেন। অনেকে টাকা হারানোর কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। ভুক্তভোগীদের মধ্যে দিনমজুরের পাশাপাশি স্কুলশিক্ষার্থী এবং শিক্ষকও রয়েছেন বলে জানা গেছে।
থানায় অভিযোগ জানাতে আসা ব্যক্তিদের দেওয়া তথ্যানুযায়ী, ৩৪ জন ফ্যামিলি কার্ডের জন্য, ৩৭ জন নিত্যপণ্য কেনার জন্য এবং ১২ জন ঘর ও টিউবওয়েল পাওয়ার আশায় টাকা দিয়েছেন। তবে প্রকৃত ভুক্তভোগীর সংখ্যা ও আত্মসাৎ করা অর্থের পরিমাণ আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ঘটনায় উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির ও সাধারণ সম্পাদক এইচ এম দ্বীন মোহাম্মদের নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা অভিযুক্তদের ধাওয়া করে তিনজনকে আটক করেন।
উপজেলা বিএনপির সভাপতি এস এম আহসান কবির বলেন, ‘এই চক্রকে ধাওয়া করে তিনজনকে আটক করা হয়েছে। তবে মূল হোতা পালিয়ে গেছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাই।’
এদিকে, বিপুলসংখ্যক ভুক্তভোগীর থানায় উপস্থিতির খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা আক্তার রাতে কাউখালী থানায় যান। তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ঘটনার বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, ফ্যামিলি কার্ড, সরকারি ঘর ও গভীর নলকূপ (টিউবওয়েল) পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে উপজেলার বিভিন্ন এলাকার সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের তিন সহযোগীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বিএনপি নেতারা। প্রতারণার অভিযোগে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। তদন্ত করে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: মূল প্রতিবেদন
