পৃথিবী সংবাদ ডেস্ক:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
সোমবার (২৩ নভেম্বর) সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) প্রধান মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, রোববার (২২ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন সুইডেন আসলাম। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।
সুইডেন আসলাম ঢাকার নবাবগঞ্জ থানার ছাতিয়া এলাকার শেখ জিন্নাত আলীর ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র: মূল প্রতিবেদন
