পৃথিবী সংবাদ ডেস্ক:
জাপান ও ভারত সামরিক এবং অস্ত্রশিল্পে সহযোগিতা বাড়াতে সম্মত হয়েছে। এর অংশ হিসেবে ভবিষ্যতে যৌথ সামরিক মহড়ায় ভারতের ফায়ারিং রেঞ্জে জাপানি সেনাদের ক্ষেপণাস্ত্রের সরাসরি নিক্ষেপণ প্রশিক্ষণের সুযোগ দেওয়ার বিষয়েও একমত হয়েছে দেশ দুটি। বৃহস্পতিবার টোকিওতে দুই দেশের প্রতিরক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
টোকিওতে অনুষ্ঠিত ‘টু প্লাস টু’ বৈঠকে জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি ও পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মোতেগির সঙ্গে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর অংশ নেন।
সাম্প্রতিক বছরগুলোতে আঞ্চলিক উত্তেজনা ও অনিশ্চয়তা বাড়ার প্রেক্ষাপটে এশিয়ার দেশ দুটি নিরাপত্তা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক দ্রুত গভীর করছে। চীনের প্রভাব মোকাবিলার লক্ষ্যে গঠিত যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের জোট ‘কোয়াড’-এরও সদস্য ভারত ও জাপান।
বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে মোতেগি বলেন, ‘আমরা আশা করি, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্য একটি নোঙর হিসেবে ভূমিকা রাখতে পারব।’
রাজনাথ সিং বলেন, ‘জাপানের নকশায়, ভারতে উৎপাদন’ কাঠামোর আওতায় প্রতিরক্ষা শিল্পে এ সহযোগিতা এগিয়ে নেওয়া হবে।
দ্বীপরাষ্ট্র হওয়ায় জাপানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য নিরাপদ জায়গার স্বল্পতা রয়েছে। ক্ষেপণাস্ত্রের সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় সরাসরি নিক্ষেপণ প্রশিক্ষণের জন্য দেশটির এমন প্রতিরক্ষা অংশীদার প্রয়োজন, যারা তাদের সামরিক বাহিনীকে প্রশিক্ষণের সুযোগ-সুবিধা দিতে পারবে। চলতি বছর অস্ট্রেলিয়ার সঙ্গেও একই ধরনের একটি চুক্তি করেছে জাপান।
চীনের ক্রমবর্ধমান সামরিক তৎপরতা প্রতিরোধে জাপান দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করছে। চলতি বছর দূরপাল্লার ক্ষেপণাস্ত্র মোতায়েনও শুরু করেছে দেশটি। এর মধ্যে দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপে অবস্থিত কুমামোতোতে টাইপ-১২ ভূমি থেকে জাহাজে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র মোতায়েন করা হয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে জাপান যুদ্ধ-পরবর্তী শান্তিবাদী নীতিমালা উল্লেখযোগ্যভাবে শিথিল করেছে। পাশাপাশি দেশটির নিরাপত্তা, প্রতিরক্ষা ও অর্থনৈতিক প্রবৃদ্ধির কৌশলের অংশ হিসেবে প্রাণঘাতী অস্ত্র রপ্তানির ওপর নিষেধাজ্ঞাও তুলে নিয়েছে।
বৃহস্পতিবার চার মন্ত্রী প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে সম্মত হন। একই সঙ্গে জাপানের নৌবাহিনীর রেডিও অ্যানটেনা ‘ইউনিকর্ন’ (UNICORN) ভারতের কাছে হস্তান্তরের বিষয়ে আলোচনা দ্রুত এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।
বুধবার কোইজুমির সঙ্গে জাপান সফরকালে রাজনাথ সিং দেশটির মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সের ইয়োকোসুকা নৌঘাঁটি পরিদর্শন করেন। এ সময় তাঁকে জাপানের মোগামি শ্রেণির ফ্রিগেট ‘জেএস নাতোরি’ (JS Natori) ঘুরিয়ে দেখানো হয়। যুদ্ধজাহাজটিতে ‘ইউনিকর্ন’ সমন্বিত স্টেলথ মাস্ট সিস্টেম রয়েছে।
আধুনিকায়ন করা মোগামি শ্রেণির বহুমুখী ফ্রিগেটগুলো অস্ট্রেলিয়ার পুরোনো হয়ে যাওয়া নৌবহরের স্থলাভিষিক্ত হবে। এ লক্ষ্যে গত এপ্রিল মাসে জাপান ও অস্ট্রেলিয়ার মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী, জাপান প্রথম তিনটি যুদ্ধজাহাজ সরবরাহ করবে এবং বাকি আটটি অস্ট্রেলিয়ায় নির্মাণ করা হবে। নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশ জাপানের এ যুদ্ধজাহাজের প্রতি আগ্রহ দেখিয়েছে।
বৈঠক শেষে প্রকাশিত দুই দেশের মন্ত্রীদের যৌথ বিবৃতিতে বলা হয়, আকাশ ও সমুদ্র নিরাপত্তা, তথ্য বিনিময়, অনুসন্ধান ও উদ্ধার অভিযান, নৌযান নির্মাণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করার বিষয়ে জাপান ও ভারত পুনরায় অঙ্গীকার ব্যক্ত করেছে।
সূত্র: মূল প্রতিবেদন
