পৃথিবী সংবাদ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বৃহস্পতিবার চীনের শেনজেনে চলতি বছরের তৃতীয় আনুষ্ঠানিক বৈঠকে বসেন। ট্রাম্পের সাম্প্রতিক রাজনৈতিক ও অর্থনৈতিক ধাক্কা নিয়ে ব্যাপক আলোচনা হলেও তাঁর আতিথ্যদাতা শি জিনপিংও দুর্বল অর্থনৈতিক অবস্থান নিয়েই আলোচনায় অংশ নেন।
মে ও এমনকি সেপ্টেম্বর মাসেও যেসব বিষয় ট্রাম্পের আত্মবিশ্বাসে চিড় ধরিয়েছিল, সেগুলোর অনেকই বৃহস্পতিবার শেনজেনে শির সঙ্গে বৈঠকের সময়ও বিদ্যমান ছিল। এসবের মধ্যে রয়েছে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, উচ্চ ঋণ গ্রহণের ব্যয় এবং হতাশাজনক জনসমর্থন। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ঐতিহাসিক পরাজয়ই এর প্রমাণ। এদিকে এনভিডিয়ার (NVDA.O) সাবেক প্রধান নির্বাহী জেনসেন হুয়াংকে ঘিরে কেলেঙ্কারি এবং এআই প্রযুক্তি জায়ান্টটির বিরুদ্ধে সম্ভাব্য তদন্তের বিষয়টিও ট্রাম্পের জন্য বড় ধরনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।
তবে এসব কারণে স্বয়ংক্রিয়ভাবে প্রমাণ হয় না যে, বর্তমানে শি জিনপিংয়ের অর্থনৈতিক অবস্থান ট্রাম্পের চেয়ে শক্তিশালী। মে মাসে পরিস্থিতি এমনই মনে হয়েছিল। সে সময় লক্ষণ দেখা যাচ্ছিল, ২০২০-২১ সালে শুরু হওয়া আবাসন খাতের বিপর্যয়ের কারণে সৃষ্ট দীর্ঘস্থায়ী মূল্যপতনের দুষ্টচক্র থেকে চীন শেষ পর্যন্ত বেরিয়ে আসতে পারে। ওই আবাসন সংকট ছিল ইতিহাসের সবচেয়ে বড় রিয়েল এস্টেট বাজারের ধস।
চীনের অভ্যন্তরীণ অর্থনৈতিক কর্মকাণ্ড, বিশেষ করে খুচরা বিক্রি, শিল্প উৎপাদন ও ব্যবসায়িক বিনিয়োগে গতি ফিরছিল। দেশটির অর্থনৈতিক পূর্বাভাস সূচকও তখন তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছিল। বার্ষিক ভোক্তা মূল্যস্ফীতি তিন বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল এবং উৎপাদক পর্যায়ের মূল্যস্ফীতি হ্রাসের হার ১৮ মাসের মধ্যে সর্বনিম্নে নেমে এসেছিল।
বেইজিংয়ের সর্বশেষ সরকারি পরিসংখ্যান বলছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি এখনো মূল্যপতনের সেই দুষ্টচক্র থেকে বেরিয়ে আসতে পারেনি। ঋণ প্রদান, ব্যয় ও বিনিয়োগ—সবই দুর্বল অবস্থায় রয়েছে। মূল্যপতনের এই নেতিবাচক পরিস্থিতির প্রভাব বিনিয়োগকারীদের মনোভাবেও পড়ছে। গ্রীষ্মকাল থেকে দেশটির শেয়ারবাজারে ২০ শতাংশের বেশি পতন হয়েছে। হংকংয়ের প্রযুক্তি খাতের শেয়ার দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বনিম্ন অবস্থানে রয়েছে। অন্যদিকে চীনের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদের হার রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
একমাত্র ইতিবাচক দিক এখনো রপ্তানি। বিদেশে রেকর্ড পরিমাণ পণ্য রপ্তানি, যার মধ্যে উচ্চপ্রযুক্তির পণ্য, সেমিকন্ডাক্টর, ইন্টিগ্রেটেড সার্কিট, কনভার্টার ও স্টোরেজ ব্যাটারির পরিমাণ ক্রমেই বাড়ছে। এর ফলে গত বছর দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ১ ট্রিলিয়ন ডলারের বেশি হয়েছিল। চলতি বছরেও ইতিমধ্যে একই সাফল্যের পুনরাবৃত্তি হয়েছে।
নিট বাণিজ্যের কারণে ২০২৬ সালের জন্য নির্ধারিত ৪ দশমিক ৫ থেকে ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জনের পথে রয়েছে বেইজিং। বিশ্লেষকদের ধারণা, তৃতীয় প্রান্তিকে চীনের অর্থনীতির ৪ দশমিক ৫ শতাংশ বার্ষিক প্রবৃদ্ধিতে নিট রপ্তানির অবদান ছিল প্রায় ২ শতাংশ পয়েন্ট। এত বড় অর্থনীতির ক্ষেত্রে এই অবদান অস্বাভাবিকভাবে বেশি।
অবশ্য এই পরিস্থিতির অবনতি হোক, তা ট্রাম্প ও শি—কারও স্বার্থেই কাম্য নয়। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির প্রবৃদ্ধির জন্য এআই খাতে ব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এআই অবকাঠামো গড়ে তোলার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, উপকরণ ও সম্পদের সরবরাহ নিয়ন্ত্রণও গুরুত্বপূর্ণ। দুই নেতাই এআই প্রযুক্তির প্রতিযোগিতায় ‘জয়ী’ হতে প্রতিশ্রুতিবদ্ধ।
কিন্তু এআই উভয় দেশের জন্য এতটা গুরুত্বপূর্ণ হওয়ায় এটিই তাদের সম্ভাব্য দুর্বলতার জায়গা হয়ে উঠতে পারে। যুক্তরাষ্ট্রে এআই খাতের গতি কমে যাওয়া এবং এর পরবর্তী সময়ে বাজারে সংশোধন দেখা দিলে সরাসরি এবং সম্পদের মূল্য কমে যাওয়ার নেতিবাচক প্রভাবের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি উল্লেখযোগ্যভাবে বাধাগ্রস্ত হতে পারে। তবে চীনের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতার কারণে দেশটির জন্য ঝুঁকিটি আরও বেশি বলে মনে করা হচ্ছে।
চীনের অভ্যন্তরীণ অর্থনীতির দুর্বলতা তুলে ধরার মতো অনেক সূচক রয়েছে। তবে স্থায়ী সম্পদে বিনিয়োগের পরিসংখ্যানের চেয়ে বিষয়টি আর কোনো সূচকে এত স্পষ্টভাবে ফুটে ওঠে না। মহামারির পর থেকে এই বিনিয়োগ সবচেয়ে দ্রুতগতিতে কমছে।
প্রকৃতপক্ষে, মহামারির ওই অস্বাভাবিক সময়কাল বাদ দিলে গত ৩০ বছর আগে তুলনাযোগ্য তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর চীনে স্থায়ী সম্পদে বিনিয়োগের পতন এখন সবচেয়ে দ্রুতগতিতে হচ্ছে।
তাহলে ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে ক্ষমতার ভারসাম্যে এর কী প্রভাব পড়তে পারে?
একটি মতবাদ রয়েছে, যার সমর্থকদের মধ্যে গ্যাভেকাল রিসার্চের প্রতিষ্ঠাতা অংশীদার লুই-ভিনসেন্ট গ্যাভও রয়েছেন। তাঁদের মতে, যুক্তরাষ্ট্র যদি নিজেদের সুদ পরিশোধের বোঝা ও মূল্যস্ফীতি কমাতে চায়, তাহলে বেইজিংয়ের সঙ্গে শীতল বাণিজ্যিক সম্পর্ক উষ্ণ করতে হবে।
গত মাসে একটি পডকাস্টে গ্যাভ বলেন, ‘বর্তমান বিশ্বে চীনই একমাত্র শক্তি, যা মূল্যপতনের প্রবণতা সৃষ্টি করছে। আপনি যদি মূল্যস্ফীতি কমাতে চান, তাহলে চীনকে গ্রহণ করা ছাড়া আপনার কোনো বিকল্প নেই।’
হতে পারে। তবে ট্রাম্প প্রশাসন মার্কিন প্রতিষ্ঠানগুলোর চীনা এআই মডেল ব্যবহারের ওপর নতুন বিধিনিষেধ আরোপের বিষয়টি বিবেচনা করছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে তৈরি এআই চিপে চীনের প্রবেশাধিকার সীমিত করার বিধিনিষেধও আরও কঠোর করছে। এসব পদক্ষেপের সঙ্গে গ্যাভের বক্তব্যের সামঞ্জস্য নেই।
২০২৩ সালে তৎকালীন মার্কিন বাণিজ্যমন্ত্রী জিনা রাইমন্ডো বলেছিলেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো তাঁকে জানিয়েছে, চীন ‘বিনিয়োগের অনুপযোগী’। তাঁর এই অস্বাভাবিক সরাসরি মন্তব্য সে সময় বেইজিংকে ক্ষুব্ধ করেছিল এবং কূটনৈতিক ঝড়ের সৃষ্টি করেছিল। তাঁর ওই দাবির যথার্থতা নিয়ে এখনো যথেষ্ট বিতর্ক রয়েছে। তবে চীনের অর্থনীতি যে শি জিনপিংয়ের প্রত্যাশা অনুযায়ী বিনিয়োগের জন্য ততটা আকর্ষণীয় নয়, তা নিশ্চিতভাবেই বলা যায়।
সূত্র: মূল প্রতিবেদন
