ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে রোডম্যাপ ঘোষণার দাবি আদিবাসী ফোরামের


November 20, 2026 10:04 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমি কমিশন গঠন এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশ আদিবাসী ফোরাম।

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে সংগঠনটির ষষ্ঠ জাতীয় সম্মেলন থেকে এ দাবি জানানো হয়। আয়োজিত সম্মেলনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আদিবাসী প্রতিনিধি, মানবাধিকারকর্মী, রাজনৈতিক নেতা ও বিশিষ্টজনেরা অংশ নেন।

জাতীয় সংগীত পরিবেশন ও মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। পরে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের স্মরণে শোক প্রস্তাব পাঠ করা হয়। এতে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং।

স্বাগত বক্তব্যে সঞ্জীব দ্রং বলেন, বাংলাদেশ আদিবাসী ফোরাম গত ২৫ বছর ধরে আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাচ্ছে। এ দীর্ঘ সময়ে উল্লেখযোগ্য অর্জন না থাকলেও পাহাড় ও সমতলের আদিবাসীদের মধ্যে গভীর সম্পর্ক তৈরি হয়েছে। দেশের প্রগতিশীল মানুষ, মানবাধিকারকর্মী ও বিভিন্ন সংগঠন এ আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। আন্তর্জাতিক পর্যায়েও আদিবাসীদের অধিকারের বিষয়টি আলোচিত হয়েছে। এসব অর্জনকে ইতিবাচকভাবে দেখতে হবে। হতাশ না হয়ে তরুণদের এ আন্দোলনের দায়িত্ব নিতে হবে। তিনি বাঙালি ও আদিবাসীদের সম্মিলিত অংশগ্রহণে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

বাংলাদেশ আদিবাসী ফোরামের কার্যকরী সদস্য ও এশিয়া ইন্ডিজিনাস পিপলস প্যাক্টের (এআইপিপি) মহাসচিব পল্লব চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি রাজনৈতিক সমস্যা। এর সমাধানে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণ বাস্তবায়ন জরুরি। এ জন্য সময়সূচিভিত্তিক রোডম্যাপ ঘোষণা, সামরিকীকরণের অবসান ও গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করতে হবে। একই সঙ্গে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গীকার বাস্তবায়নে সরকারের সঙ্গে ধারাবাহিক আলোচনা অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আদিবাসীদের অধিকার হরণ, ভূমি দখল এবং পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক সমস্যার সামরিকীকরণের পেছনে রাষ্ট্রীয়, আমলাতান্ত্রিক ও সামরিক ক্ষমতার অপব্যবহার দায়ী। পার্বত্য চট্টগ্রামে স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সামরিকীকরণের পরিবর্তে রাজনৈতিক সমাধান প্রয়োজন। দেশের বিভিন্ন অর্জনে আদিবাসীদের অবদান থাকলেও তাঁরা সেই অর্জনের সুফল থেকে বঞ্চিত হচ্ছেন। এ মানসিকতার পরিবর্তন ছাড়া সবার অধিকার নিশ্চিত করা সম্ভব নয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন বলেন, সাঁওতাল বিদ্রোহ ও তেভাগা আন্দোলনসহ এ অঞ্চলের বিভিন্ন সংগ্রামে আদিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। অথচ এখনো পাহাড় ও সমতলের আদিবাসীরা নির্যাতন, নিপীড়ন ও বৈষম্যের শিকার হচ্ছেন। অধিকার আদায়ে আন্দোলনের বিকল্প নেই। এ সংগ্রামে বামপন্থী দলগুলো আদিবাসীদের পাশে থাকবে।

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন বলেন, দীর্ঘ ২৫ বছর ধরে আদিবাসীরা একই দাবিতে আন্দোলন করে আসছেন। কিন্তু রাষ্ট্র তাঁদের দাবির প্রতি যথাযথ গুরুত্ব দিচ্ছে না। নবীনদের উদ্যম ও প্রবীণদের অভিজ্ঞতার সমন্বয়ে আন্দোলন আরও বেগবান করতে হবে। ধর্ম-বর্ণের বিভাজন ভুলে গণতান্ত্রিক ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

মানবাধিকারকর্মী ও এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা বলেন, বন, ভূমি ও জীববৈচিত্র্য সংরক্ষণে আদিবাসীদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তাই আদিবাসীদের অস্তিত্ব ও অধিকার রক্ষার আন্দোলন সবার আন্দোলন। তিনি সংবিধানে আদিবাসীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সংবিধান সংস্কার কমিটিকে তাঁদের বক্তব্য ও দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানান।

বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্নের অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র এখনো প্রতিষ্ঠিত হয়নি। রাজনৈতিক দলগুলো ক্ষমতায় যাওয়ার আগে আদিবাসীদের অধিকারের কথা বললেও ক্ষমতায় গিয়ে তা বাস্তবায়ন করে না। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন না করে চুক্তিবিরোধী বিভিন্ন কমিটি গঠনকে তিনি অন্তর্ঘাতমূলক উদ্যোগ বলে উল্লেখ করেন। তিনি চুক্তির পূর্ণ বাস্তবায়ন ও আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতির দাবি জানান।

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ও আদিবাসী নেতা ফিলিমন বাস্কে বলেন, গাইবান্ধা, দিনাজপুর ও রাজশাহীসহ দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসীদের মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। কিন্তু এসব ঘটনার সুষ্ঠু বিচার হচ্ছে না। আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে দেশের প্রগতিশীল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ আদিবাসী ফোরামের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি ফ্লোরা বাবলী তালাং বলেন, অধিকার আদায়ের আন্দোলনকে এগিয়ে নিতে আঞ্চলিক পর্যায়ের নেতাদের নতুন উদ্যমে কাজ করতে হবে। মানবাধিকার ও প্রগতিশীল সংগঠনগুলোর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় করতে হবে। এ ক্ষেত্রে প্রবীণদের অভিজ্ঞতার সঙ্গে তরুণদের উদ্যমকে একীভূত করার ওপর গুরুত্ব দেন তিনি।

সম্মেলনে বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমার লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির তথ্য ও প্রচার সম্পাদক হিরণ মিত্র চাকমা। লিখিত বক্তব্যে বলা হয়, দেশের বিভিন্ন অঞ্চলের আদিবাসীরা প্রতিনিয়ত ভূমি দখল, উচ্ছেদ, বন মামলা, সহিংসতা ও নানা ধরনের বৈষম্যের শিকার হচ্ছেন। পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৯ বছর অতিক্রান্ত হলেও রাষ্ট্র এখনো চুক্তি বাস্তবায়ন করেনি। অন্যদিকে আদিবাসী নারীরা নানা ধরনের নিপীড়ন ও সহিংসতার শিকার হচ্ছেন। অনিশ্চিত ভবিষ্যতের কারণে তরুণদের মধ্যেও হতাশা তৈরি হচ্ছে।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, আদিবাসীরা আজ নিজভূমে পরবাসী, অধিকারহীন ও অভিভাবকহীন। এ পরিস্থিতি মোকাবিলায় ঐক্যবদ্ধ হয়ে প্রগতিশীল নেতৃত্বের মাধ্যমে অধিকার আদায়ের আন্দোলন এগিয়ে নিতে হবে। অতীতের আদিবাসী নেতাদের সংগ্রাম থেকে অনুপ্রেরণা নিয়ে তরুণদেরও এ লড়াইয়ে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়।

সভাপতির বক্তব্যে বাংলাদেশ আদিবাসী ফোরামের সহসভাপতি অজয় এ মৃ বলেন, অধিকার আদায়ের এ লড়াইয়ে হতাশ হওয়ার সুযোগ নেই। দেশের প্রগতিশীল ও মানবতাবাদী মানুষেরা আদিবাসীদের পাশে রয়েছেন। ঐতিহাসিক বিভিন্ন অর্জনে আদিবাসীদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকলেও তাঁদের অধিকারের প্রশ্নে বারবার উপেক্ষা করা হয়েছে। এ আন্দোলনকে এগিয়ে নিতে তরুণ নেতৃত্বকে প্রস্তুত থাকতে হবে।

১. আত্মনিয়ন্ত্রণাধিকারসহ আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। ২. আদিবাসীদের রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক ও ভূমির অধিকার নিশ্চিত করতে হবে। ৩. আদিবাসী নারীদের উপর সংঘটিত সকল মানবাধিকার লঙ্ঘনের ঘটনার বিচার নিশ্চিত করে সকল আদিবাসী নারীর অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. পার্বত্য চট্টগ্রাম চুক্তির যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এ লক্ষ্যে সময়সূচি ভিত্তিক রোডম্যাপ ঘোষণা ও ভূমি কমিশন আইন অবিলম্বে কার্যকর করতে হবে। ৫. সমতল অঞ্চলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও ভূমিক কমিশন গঠন করতে হবে। ৬. আদিবাসীদের ভূমিতে স্বাধীন ও পূর্ব সম্মতি ছাড়া ইকো পার্ক, সামাজিক বনায়ন, ট্যুরিজম, ইপিজেড বা অন্য কোন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করা চলবে না। ৭. আদিবাসীদের উপর সকল নিপীড়ন-নির্যাতন বন্ধ করাসহ সকল মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। ৮. জাতিসংঘ সাধারণ পরিষদে ২০০৭ সালে গৃহিত আদিবাসী বিষয়ক ঘোষণাপত্র ও আইএলও ১৬৯ নং কনভেনশন অনুসমর্থন ও আইএলও কনভেনশন ১০৭ বাস্তবায়ন করতে হবে। ৯. জাতীয় সংসদের আদিবাসীদের জন্য নির্দিষ্ট আসন বরাদ্ধ রাখতে হবে। ১০. প্রথম ও দ্বিতীয় শ্রেণিসহ সকল চাকরিতে আদিবাসী কোটা সংরক্ষণ করতে হবে এবং সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য পাঁচ শতাংশ আদিবাসী কোটার প্রয়োগ যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে।

দিনব্যাপী সম্মেলনের আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গানের দল মাদল, ঢাকা বিশ্ববিদ্যালয় জুম সাহিত্য ও সাংস্কৃতিক সংসদসহ বিভিন্ন আদিবাসী সাংস্কৃতিক দল সংগীত ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেয়।

সূত্র: মূল প্রতিবেদন