পৃথিবী সংবাদ ডেস্ক:
খাগড়াছড়িতে টয়লেট নির্মাণের জন্য মাটি খুঁড়তেই ৮২ মিলিমিটারের একটি মর্টারশেল পাওয়া গেছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি সদর উপজেলার উত্তর গঞ্জপাড়া থেকে মর্টারশেলটি উদ্ধার করেছে সেনাবাহিনী।
পুলিশ সূত্রে জানা যায়, শালবন কবরস্থান এলাকার দিনমজুর মো. বেলাল হোসেন (২৯) নিজের বাড়িতে টয়লেট নির্মাণের জন্য গর্ত খুঁড়তে গিয়ে মাটির প্রায় ১০ থেকে ১২ ফুট নিচে মর্টারশেলটি দেখতে পান। পরে বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা এসে মর্টারশেলটি উদ্ধার করেন।
খাগড়াছড়ি সদর থানার এসআই সুলতান মো. সাকিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মর্টারশেলটি ১৯৭১ সালের যুদ্ধে ব্যবহৃত হয়েছিল। শনিবার সকাল ৮টায় এটি নিষ্ক্রিয় করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য আপাতত জায়গাটি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রেখে মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।
স্থানীয় বাসিন্দা মো. করিম বলেন, বসতবাড়ির পাশে এমন বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তারা আতঙ্কিত। এখানে অনেক মানুষের বসবাস। দ্রুত এটি নিরাপদে নিষ্ক্রিয় করা প্রয়োজন।
আরেক স্থানীয় বাসিন্দা শুভ দে বলেন, মর্টারশেলটি উদ্ধারের পর থেকে এলাকার মানুষের মধ্যে ভয় কাজ করছে। বিশেষ করে শিশু ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত। সেনাবাহিনী যেন দ্রুত এটি নিষ্ক্রিয় করে, সেই দাবি জানান তিনি।
সূত্র: মূল প্রতিবেদন
