ঢাকাFriday , 20 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

বহিষ্কৃত ৭০ এমপি প্রার্থীদের আবারও দলে ফেরানোর সিদ্ধান্ত নিচ্ছে বিএনপি


November 20, 2026 12:27 am
Link Copied!

Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচন করা এবং বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করে বহিষ্কার হওয়া পাঁচ শতাধিক নেতাকে আবারেও দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে ক্ষমতাসীন বিএনপি।এর মধ্যে ৭০ জনই এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। মূলত আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখেই এমন সিদ্ধান্ত নিয়েছেন দলীয় হাইকমান্ড। গণমাধ্যমকে এমনটি জানিয়েছেন নীতিনীর্ধারণী পর্যায়ের একাধিক নেতা।

সূত্র জানায়, দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র নির্বাচন করা কমপক্ষে ৭০ জন নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে শিগগিরই চিঠি দেওয়া হবে।

এছাড়া বিদ্রোহীদের পক্ষে অবস্থান নেওয়া বা দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে ভূমিকা রাখা তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকেও পর্যায়ক্রমে দলে ফেরানো হবে।

এ প্রক্রিয়ার আলোকেই সম্প্রতি নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত আগস্টে কেন্দ্র থেকে নড়াইল সদর, পৌর ও লোহাগড়া বিএনপির ছয় নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।

সর্বশেষ গত মঙ্গলবার (১৭ নভেম্বর) দলীয় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় নড়াইল জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলামের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে স্বপদে বহাল করা হয়েছে।তিনি নড়াইল-২ আসনে ধানের শীষের প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদের বিপক্ষে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

অন্যদিকে, গত ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপির শোভাযাত্রায় দলের বহিষ্কৃত নেতা ও ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক আহ্বায়ক সাইফুল আলম নিরবকে প্রথম সারিতে দেখা যায়। এ সময় তাকে ডেকে শোভাযাত্রায় নেন প্রধানমন্ত্রী।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বিএনপি মনোনীত দলটির যুগপতের শরিক বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করায় বহিষ্কৃত হয়েছিলেন। যদিও তিনি পরাজিত হন। সেখানে জামায়াতের প্রার্থী জয়ী হন।

বিগত জাতীয় নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র হিসেবে নির্বাচন করে বিজয়ী হন—ব্যারিস্টার রুমিন ফারহানা (ব্রাহ্মণবাড়িয়া-২), লুৎফর রহমান খান আজাদ (টাঙ্গাইল-৩), শেখ মজিবুর রহমান ইকবাল (কিশোরগঞ্জ-৫), আব্দুল হান্নান (চাঁদপুর-৪), আতিকুল আলম শাওন (কুমিল্লা-৭), সালমান ওমর রুবেল (ময়মনসিংহ-১) এবং এ জেড এম রেজওয়ানুল হক (দিনাজপুর-৫)। তারা নির্বাচনের আগেই বহিষ্কার হন।