ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে স্বর্ণের বার বলে প্রতারণার চেষ্টা, ৪১টি নকল বারসহ গ্রেপ্তার ২


November 25, 2026 11:15 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

রাজশাহী মহানগরীর কর্ণহার থানা এলাকায় স্বর্ণের বার বলে লোহার তৈরি সোনালি রঙের প্রলেপযুক্ত ৪১টি বার বিক্রির উদ্দেশ্যে বহনের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪১টি নকল বারসহ দুটি মোবাইল ফোন, একটি চাকু, নগদ টাকা ও অন্যান্য সামগ্রী জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত পৌনে ৮টার দিকে কৈকুড়ি মোড়সংলগ্ন ব্রিজের পশ্চিম পাশে চেকপোস্ট পরিচালনাকালে একটি চার্জার অটোরিকশা থামিয়ে তল্লাশি চালায় কর্ণহার থানা পুলিশ। এ সময় অটোরিকশার তিন যাত্রীর একজন পালিয়ে যায়। পরে অপর দুই যাত্রীর একজনের স্কুলব্যাগ থেকে খবরের কাগজ ও কসটেপে মোড়ানো একটি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ৪১টি সোনালি রঙের বারসদৃশ বস্তু পাওয়া যায়।

পরে পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনুল আবেদীনের উপস্থিতিতে স্থানীয় স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা করা হলে বস্তুগুলো লোহার তৈরি বলে নিশ্চিত হওয়া যায়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মাদারীপুরের শিবচর উপজেলার মনিরুজ্জামান ফকির ওরফে মনির ফকির (৩৪) এবং মৌলভীবাজারের জুড়ি উপজেলার জাহিদ হোসেন (২৮)।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা স্বীকার করেছেন, পলাতক আরও একজনের সঙ্গে মিলে দীর্ঘদিন ধরে লোহার বারের ওপর সোনালি রঙের প্রলেপ দিয়ে স্বর্ণের বারের মতো তৈরি করতেন। পরে সেগুলো প্রকৃত স্বর্ণ বলে বিক্রির উদ্দেশ্যে বিভিন্ন স্থানে নিয়ে যেতেন।

জব্দ করা ৪১টি বারসদৃশ বস্তুর মোট ওজন ৪ হাজার ২৯ দশমিক ৭৪ গ্রাম। এ ছাড়া দুটি মোবাইল ফোন, একটি স্টিলের চাকু, একটি স্কুলব্যাগ, নগদ ৩ হাজার ১৭৪ টাকা ও একটি পাওয়ার ব্যাংক জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তার দুজন ও পলাতক অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে প্রতারণার উদ্দেশ্যে জাল বস্তু প্রস্তুত ও বহনের অভিযোগে পেনাল কোডে কর্ণহার থানায় মামলা হয়েছে। পলাতক ব্যক্তিকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

সূত্র: মূল প্রতিবেদন