ঢাকাWednesday , 25 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

‘জাতীয় ঐক্য ধরে রাখতে ব্যর্থ বিএনপি’, সংকট উত্তরণে জামায়াতের আহ্বান


November 25, 2026 9:05 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

গণভোটের গণরায়ের মধ্য দিয়ে তৈরি হওয়া জাতীয় ঐক্য ধরে রাখতে বিএনপি সরকার ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

তিনি বলেছেন, গণরায় মেনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করে সংস্কারের পথে হাঁটলে জুলাইয়ের জাতীয় ঐক্য অটুট থাকত। তখন পতিত ফ্যাসিবাদ নাশকতা ও অগ্নিসন্ত্রাস করার সাহস পেত না।

দেশে সন্ত্রাস, নাশকতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে চট্টগ্রাম মহানগরী জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় নগরের বাদামতল, আগ্রাবাদ থেকে এ বিক্ষোভ মিছিল বের করা হয়।

মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, গণভোটের গণরায়ের মধ্য দিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদবিরোধী যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল, সেটিই ছিল জাতীয় সংকট উত্তরণের প্রধান ভিত্তি। কিন্তু বিএনপি সরকার সেই ঐক্য ধরে রাখতে ব্যর্থ হয়েছে।

তিনি বলেন, সরকার গঠনের পর থেকেই বিএনপি নিজেরাই ফ্যাসিবাদের পথে হেঁটেছে। চাঁদাবাজি, দখলবাজি ও খুন-খারাবিতে জনগণ অতিষ্ঠ হয়ে উঠেছে। বিতর্ক ও বিভেদ উসকে দিয়ে জুলাইয়ের চেতনাকে সমূলে উপড়ে ফেলার ষড়যন্ত্রের ফাঁদে আটকা পড়েছে বিএনপি। পতিত ফ্যাসিবাদের সমর্থক ও কালোটাকার সুবিধাভোগীরা বিএনপির আশ্রয়ে থেকেই আবারও শক্তিশালী হওয়ার চেষ্টা করছে।

বিএনপিকে সতর্ক করে জামায়াতের এই নেতা বলেন, ‘তারা বিএনপির কোলে আশ্রয় নিয়ে কালসাপ হয়ে ফিরে আসতে চায়।’

বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক উক্তি, ‘সাপকে বিশ্বাস করা যায়; কিন্তু আওয়ামী লীগকে বিশ্বাস করা যায় না’ উল্লেখ করে তিনি বলেন, এই বাস্তবতা ভুলে যাওয়ার কারণেই বিএনপি আজ জাতীয় সংকট সৃষ্টি করেছে।

নজরুল ইসলাম বলেন, দেরিতে হলেও বিএনপির শুভবুদ্ধির উদয় হোক। সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করে জাতীয় ঐক্যের ভিত্তিতে সংকট উত্তরণে সরকার এগিয়ে এলে বিরোধী দলসহ জুলাইয়ের সব শক্তিকে পাশে পাবে।

সমাবেশে আরও বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, মহানগরীর সহকারী সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ, ফয়সল মুহাম্মদ ইউনুছ ও মোরশেদুল ইসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও মেয়র প্রার্থী মুহাম্মদ শামসুজ্জামান হেলালী, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সভাপতি এস এম লুৎফর রহমান, নগর কর্মপরিষদ সদস্য ও ডবলমুরিং থানা আমীর ফারুকে আজম, সাবেক কাউন্সিলর শফিউল আলম এবং ইসলামী ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর দক্ষিণ শাখার সেক্রেটারি রাকিবুল ইসলাম।

এ সময় নগর সাংগঠনিক সম্পাদক ডা. ছিদ্দিকুর রহমান, নগর অফিস সম্পাদক হামেদ হাসান ইলাহী, নগর কর্মপরিষদ সদস্য আবু হেনা মোস্তফা কামাল, হালিশহর থানা আমীর ফখরে জাহান সিরাজী, সদরঘাট থানা আমীর এম এ গফুর, খুলশি থানা আমীর অধ্যাপক আলমগীর ভুঁইয়া, পাঁচলাইশ থানা আমীর ইঞ্জিনিয়ার মাহবুবুল হাছান রুমি, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর সহ-সভাপতি মকবুল আহমদসহ মহানগরী ও বিভিন্ন থানা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সূত্র: মূল প্রতিবেদন