পৃথিবী সংবাদ ডেস্ক:
পালিয়ে যাওয়া কোনো নেতার দেশে ফিরে আসার ইতিহাস নেই, শেখ হাসিনাও কখনো দেশে ফিরতে পারবেন না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।
বুধবার (২৫ নভেম্বর) আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বরিশাল মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অ্যাডভোকেট হেলাল বলেন, পালিয়ে যাওয়া ব্যক্তিরা দূরে বসে চিৎকার করতে পারেন, কিন্তু বাস্তবে দেশে ফিরে আসতে পারেন না। আওয়ামী লীগ এখন ইতিহাসের অংশ। জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া দলটিকে আবার প্রতিষ্ঠিত করার স্বপ্ন নিয়ে সন্ত্রাসীদের মাঠে নামানো হচ্ছে। তবে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করা হলে জনগণ তার দাঁতভাঙা জবাব দেবে।
তিনি আরও বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানানো হচ্ছে তাঁর বিরুদ্ধে দেওয়া বিচারের রায় কার্যকরের জন্য, রাজনীতি করার জন্য নয়। সরকারকে দ্রুত তাঁকে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় বাস্তবায়নের আহ্বান জানান তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন প্রসঙ্গে হেলাল বলেন, জুলাই সনদ বাস্তবায়ন না করার কারণেই দেশে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সর্বদলীয় ঐক্যের কথা বলা হলেও সেই ঐক্যের মূল ভিত্তি হতে হবে জুলাই সনদ। এটি বাস্তবায়ন ছাড়া কার্যকর ঐক্য সম্ভব নয়। সরকারকে কথা ও কাজের মধ্যে মিল রাখার আহ্বান জানান তিনি।
সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জহির উদ্দিন মুহাম্মদ বাবর বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ তুলে অবিলম্বে তাঁকে সরিয়ে যোগ্য ব্যক্তিকে দায়িত্ব দেওয়ার দাবি জানান তিনি।
গোপালগঞ্জের পরিস্থিতি নিয়ে বাবর বলেন, গোপালগঞ্জ বাংলাদেশের ভূখণ্ড। সেখানে কোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য দেশের জনগণ মেনে নেবে না। প্রয়োজনে সারা দেশের মানুষকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জে লংমার্চ করার কথাও জানান তিনি। সরকারের দ্বিমুখী আচরণের জবাব জনগণ দেবে বলেও মন্তব্য করেন তিনি।
মহানগর জামায়াতের সেক্রেটারি মাওলানা আতিকুল্লাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন মহানগর নায়েবে আমির অধ্যাপক মাহমুদ হোসাইন দুলাল, মাওলানা মতিউর রহমান এবং ইসলামী ছাত্রশিবিরের বরিশাল মহানগর সভাপতি আতিকুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম খসরু, বরিশাল জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, ইসলামী ছাত্রশিবিরের বরিশাল বিশ্ববিদ্যালয় সভাপতি মনিরুল ইসলাম, বরিশাল জেলা সভাপতি সাইয়েদ আহমেদ, মহানগর কর্মপরিষদ সদস্য শামীম কবির, মাহফুজুর রহমান আমিন, মাওলানা শফিউল্লাহ তালুকদার, কোতোয়ালি উত্তর থানা আমির অধ্যাপক আনোয়ার হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সূত্র: মূল প্রতিবেদন
