পৃথিবী সংবাদ ডেস্ক:
সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুকের ছেড়ে দেওয়া কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে আগামী ১০ জানুয়ারি উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করেছে কমিশন। নতুন তালিকা অনুযায়ী, দেশে মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ঘোষিত তফসিল অনুযায়ী, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ ডিসেম্বর। ৭ ডিসেম্বর মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ৮ থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি হবে ১৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৭ ডিসেম্বর। এরপর ১৮ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে ১০ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৪ লাখ ৫২ হাজার ১০৬ জন। ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত যাঁদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাঁদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানান ইসির সিনিয়র সচিব।
চূড়ান্ত তালিকা অনুযায়ী, দেশে মোট পুরুষ ভোটার ৬ কোটি ৫৮ লাখ ৬ হাজার ৫৭৪ জন। নারী ভোটার ৬ কোটি ৩৪ লাখ ২১ হাজার ৮৭৮ জন। এ ছাড়া হিজড়া ভোটার রয়েছেন ১ হাজার ২৯৭ জন।
নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকার ভিত্তিতেই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন ভোটাররা।
সূত্র: মূল প্রতিবেদন
