পৃথিবী সংবাদ ডেস্ক:
রাজধানীর ধূপখোলা মাঠে জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে কোরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনা এবং কওমি মাদরাসাগুলোর খেদমতে সবার সহযোগিতা ও দোয়া চেয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এমপি।
তিনি বলেন, আলেম-উলামাদের সামাজিক মর্যাদা রক্ষা, ধর্মীয় মূল্যবোধের বিকাশ এবং মসজিদ-মাদরাসার সার্বিক উন্নয়নে সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে।
আজ বুধবার (২৫ নভেম্বর) আয়োজিত এ মহাসম্মেলনে বক্তব্য দিতে গিয়ে ধর্মমন্ত্রী এসব বক্তব্য দেন বলে নিশ্চিত করেছেন ফরিদাবাদের ৭০ সালা দস্তরবন্দী মহাসম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, ইলম, তাকওয়া ও আত্মশুদ্ধির এই মহতী আয়োজনে বিশ্ববরেণ্য শায়খুল হাদিস ও ইসলামি চিন্তাবিদদের উপস্থিতি সম্মেলনকে আন্তর্জাতিক ধর্মীয় সম্প্রীতি ও ইলমি আবহে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দস্তারে ফজিলতপ্রাপ্ত আলেমদের আন্তরিক অভিনন্দন জানিয়ে তিনি তাদের ভবিষ্যৎ ইলমি ও দাওয়াতি জীবনের সাফল্য কামনা করেন।
জামিয়া আরাবিয়া এমদাদুল উলুম ফরিদাবাদের ঐতিহাসিক অবদান তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটি কেবল একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বরং দেওবন্দি শিক্ষাধারা ও ইসলামের খাঁটি মূল্যবোধ চর্চার অন্যতম প্রধান কেন্দ্র। ১৯৫৬ সালে দারুল উলুম দেওবন্দের পবিত্র শিক্ষাধারার ভিত্তিতে এ প্রতিষ্ঠানের যাত্রা শুরু হয়। প্রতিষ্ঠালগ্ন থেকে বিশিষ্ট আলেম ও মনীষীদের হাত ধরে প্রতিষ্ঠানটি বিকশিত হয়েছে।
তিনি বলেন, জামিয়ার প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলেম আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.) ছিলেন হাকিমুল উম্মত হজরত আশরাফ আলী থানভী (রহ.), হজরত আনোয়ার শাহ কাশ্মীরী (রহ.), শায়খ শাব্বির আহমদ উসমানী (রহ.) ও আল্লামা জাফর আহমদ উসমানী (রহ.)-এর অন্যতম শ্রেষ্ঠ শাগরেদ। তিনি আল্লাহর সন্তুষ্টি অর্জন ও শরিয়তের খেদমতকে জীবনের ব্রত হিসেবে গ্রহণ করে এ প্রতিষ্ঠানের ভিত্তিস্থাপন করেছিলেন।
প্রতিষ্ঠানটির বিভিন্ন সময়ে দায়িত্ব পালনকারী মনীষীদের স্মরণ করে ধর্মমন্ত্রী বিশেষভাবে মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ্জী হুজুর (রহ.), মাওলানা হেদায়েতুল্লাহ (রহ.), মাওলানা ফজলুর রহমান (রহ.), মাওলানা ইসমাইল (রহ.), মাওলানা আব্দুল আজিজ (রহ.), মাওলানা আতাউর রহমান খান (রহ.) এবং আল্লামা শাহ আহমদ শফী (রহ.)-এর অবদানের কথা উল্লেখ করেন।
বর্তমান মুহতামিম মাওলানা মো. আব্দুল কুদ্দুসের দীর্ঘদিনের দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, চার দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে তিনি জামিয়ার তত্ত্বাবধান ও উম্মাহর খেদমত করে যাচ্ছেন। এ সময় তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন ধর্মমন্ত্রী।
বিএনপির ভূমিকার কথা তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, বিএনপি যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে, তখনই শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর সুরক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। ইসলামি শিক্ষাব্যবস্থার বিকাশ, কওমি মাদরাসা ও আলেম-উলামাদের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠা এবং ধর্মীয় মূল্যবোধ পুনর্জাগরণে দলটি কাজ করেছে।
তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে আল্লামা শামছুল হক ফরিদপুরী (রহ.), হাফিজ্জী হুজুর (রহ.) ও পীরজী হুজুরসহ প্রয়াত আলেমদের অবদানের কথা স্মরণ করে তাদের জন্য দোয়া করেন।
সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের জন্য রাষ্ট্রীয়ভাবে মাসিক সম্মানির ব্যবস্থা চালু করা হয়েছে। সরকার দায়িত্ব গ্রহণের ৩০ দিনের প্রধানমন্ত্রী এ কর্মসূচির উদ্বোধন করেন।
তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরে প্রাথমিকভাবে দেশের ৮২ হাজার ৬৬৫টি মসজিদের ২ লাখ ৪৭ হাজার ৯৯৫ জন ইমাম, মোয়াজ্জিন ও খাদেমকে এ সম্মানির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এর আওতায় একজন ইমাম মাসে পাঁচ হাজার টাকা, মোয়াজ্জিন তিন হাজার টাকা এবং খাদেম দুই হাজার টাকা করে পাবেন। পাশাপাশি ঈদুল ফিতর ও ঈদুল আজহায় প্রত্যেককে এক হাজার টাকা করে সম্মানি দেওয়া হবে।
ধর্মমন্ত্রী আরও বলেন, মসজিদ খাতে চলতি ২০২৬-২৭ অর্থবছরে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১ কোটি ৪৬ লাখ ৯৬ হাজার টাকা। পর্যায়ক্রমে দেশের আরও বেশি মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেমদের এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
হজ ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, প্রবাসীসহ দেশের সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী হজ ব্যবস্থাপনা নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার। ২০২৩ সালে হজের উড়োজাহাজ ভাড়া যেখানে ১ লাখ ৯৭ হাজার টাকা ছিল, বর্তমানে তা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
আলেমদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আলেম সমাজই মানুষের হেদায়েতের আলো এবং সমাজ সংস্কারের অন্যতম প্রধান কারিগর। তাদের পরামর্শ ও দোয়া নিয়ে সরকার দেশকে শান্তি, শৃঙ্খলা, উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে নিতে চায়।
প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া কামনা করে তিনি বলেন, আল্লাহ যেন তাকে সব ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন এবং পবিত্র কোরআন ও রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনার তাওফিক দান করেন।
সূত্র: মূল প্রতিবেদন
