পৃথিবী সংবাদ ডেস্ক:
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আন্তনগর ট্রেনের যাত্রাবিরতির দাবিতে স্থানীয় বাসিন্দাদের ডাকা রেলপথ অবরোধ কর্মসূচি তিন ঘণ্টা পর প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত লাহিড়ী মোহনপুর রেলওয়ে স্টেশনে এ কর্মসূচি পালন করা হয়। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে। বিভিন্ন স্টেশনে আটকা পড়ে কয়েকটি আন্তনগর ট্রেন।
দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনা এক্সপ্রেসসহ সব আন্তনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে বুধবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনে অবস্থান নিয়ে মানববন্ধন শুরু করেন। একপর্যায়ে তারা বনলতা, সিল্কসিটি ও পাবনা প্রভাতী এক্সপ্রেস ট্রেন আটকে দেন। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।
অবরোধের কারণে রাজশাহী থেকে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাহিড়ী মোহনপুর স্টেশনে আটকা পড়ে। এ ছাড়া ঢাকাগামী বনলতা ও পাবনা প্রভাতী এক্সপ্রেসের চলাচল ব্যাহত হয়। অন্যদিকে ঢাকা থেকে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস সিরাজগঞ্জের সয়দাবাদ স্টেশনে আটকে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, লাহিড়ী মোহনপুর সিরাজগঞ্জের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যবসাকেন্দ্র। চলনবিলবেষ্টিত এ স্টেশনসংলগ্ন বাজারে জেলার অন্যতম বড় মাছের বেচাকেনা হয়। এখান থেকে ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ মাছ সরবরাহ করেন। কিন্তু স্টেশনটিতে কোনো আন্তনগর ট্রেনের যাত্রাবিরতি না থাকায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও যাত্রীদের দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
তাদের দাবি, চলতি সপ্তাহে চালু হওয়া পাবনা-ঢাকা রুটের আন্তনগর পাবনা এক্সপ্রেসের উভয়মুখী যাত্রাসহ সব আন্তনগর ট্রেনের লাহিড়ী মোহনপুর স্টেশনে যাত্রাবিরতি নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তারা।
সূত্র: মূল প্রতিবেদন
