পৃথিবী সংবাদ ডেস্ক:
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সমর্থিত স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) প্রভাবশালী সদস্য মো. ইউসুফ আলীর পদোন্নতির প্রজ্ঞাপন বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। গত ১৮ নভেম্বর ২৫০ শয্যা বিশিষ্ট ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে পদোন্নতির পর তার রাজনৈতিক পরিচয় নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। এ অবস্থায় যোগদানের আগেই তার পদোন্নতির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
রোববার স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর সই করা এক প্রজ্ঞাপনে পূর্বের জারি করা সিদ্ধান্ত বাতিল করা হয়। এর আগে গত বুধবার পদোন্নতির প্রজ্ঞাপনও সই করেছিলেন তিনি। ইউসুফ আলীকে ঝিনাইদহ সদর হাসপাতালে পদায়নে ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে কর্মরত চিকিৎসকগণের পদায়ন ও বদলি নীতিমালা, ২০২৬’ লঙ্ঘন করা হয়েছিল।
ইউসুফ আলী যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে কর্মরত রয়েছেন। কয়েক বছর আগে যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বের করে স্থানীয়রা।
এদিকে মানবিক চিকিৎসক মোস্তাফিজুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক পদে পুর্নবহাল করা হয়েছে। রোববার পৃথক এক প্রজ্ঞাপনে খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা পদে তাকে বদলির প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।
ঝিনাইদহের ২০ লাখ মানুষের সেবা দেয়ার জন্য ২৫০ শয্যার এ হাসপাতালে চিকিৎসা সেবার মান বাড়িয়ে আলোচনায় আসেন তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান। অল্প সময়ের মধ্যে তিনি হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ফিরিয়ে আনেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা, কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং বিভিন্ন খাতে ব্যয় নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়। রোগী পরিবহনে ব্যবহৃত এ্যাম্বুলেন্সের জ্বালানি ব্যয় প্রায় অর্ধেকে নামিয়ে আনেন তিনি।
সূত্র: মূল প্রতিবেদন
