ঢাকাMonday , 23 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে আইটি পার্ক সচল ও তরুণদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি সুইটের


November 23, 2026 4:50 pm
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

‘শিক্ষানগরী’ হিসেবে দেশজুড়ে পরিচিত রাজশাহীতে প্রতিবছর হাজার হাজার শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করলেও পর্যাপ্ত কর্মসংস্থানের অভাবে তাঁদের বড় একটি অংশকে রাজধানী ঢাকা কিংবা বিদেশে পাড়ি জমাতে হয়। এ পরিস্থিতি পরিবর্তনে রাজশাহীর আইটি পার্কগুলো পূর্ণাঙ্গভাবে সচল করা এবং প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি দিয়েছেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট।

আসন্ন রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেওয়া সুইট নগরীর দীর্ঘদিনের বেকারত্ব ও মেধাপাচার রোধে বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণের কথা জানিয়েছেন। তাঁর পরিকল্পনায় তরুণ প্রজন্মকে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

নগরীর অর্থনৈতিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী মেডিকেল কলেজ ও রাজশাহী কলেজসহ অসংখ্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এ অঞ্চলে। প্রতিবছর এসব প্রতিষ্ঠান থেকে বিপুলসংখ্যক শিক্ষার্থী উচ্চশিক্ষা সম্পন্ন করে বের হচ্ছেন। কিন্তু তাঁদের যোগ্যতা অনুযায়ী পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ তৈরি না হওয়ায় অনেকেই বাধ্য হয়ে অন্য শহর কিংবা বিদেশে চলে যাচ্ছেন।

আবুল কালাম আজাদ সুইটের পরিকল্পনা অনুযায়ী, রাজশাহীর আইটি পার্কগুলোকে কার্যকরভাবে চালু করে দেশি-বিদেশি প্রযুক্তিপ্রতিষ্ঠানের বিনিয়োগ আকৃষ্ট করার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি ফ্রিল্যান্সিং, সফটওয়্যার ডেভেলপমেন্ট, আউটসোর্সিং, গ্রাফিক ডিজাইন ও তথ্যপ্রযুক্তিভিত্তিক বিভিন্ন বিষয়ে তরুণদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হবে।

তিনি মনে করেন, রাজশাহীর শিক্ষিত তরুণদের দক্ষতা ও মেধাকে কাজে লাগাতে পারলে এ নগরীকে দেশের অন্যতম প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানকেন্দ্র হিসেবে গড়ে তোলা সম্ভব। এতে একদিকে যেমন স্থানীয় বেকারত্ব কমবে, অন্যদিকে রাজশাহীর অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার হবে।

সুইটের মতে, রাজশাহীর উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না; বরং তরুণদের জন্য সম্মানজনক কর্মসংস্থান, আধুনিক প্রযুক্তিগত শিক্ষা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করতে হবে। তাঁর পরিকল্পনা বাস্তবায়িত হলে রাজশাহীর তরুণদের নিজ শহরে থেকেই কর্মজীবন গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হবে।

সূত্র: মূল প্রতিবেদন