পৃথিবী সংবাদ ডেস্ক:
পুরোনো রাজনৈতিক বন্দোবস্তে ফিরে গেলে নতুন বাংলাদেশ গড়ার সুযোগ নষ্ট হবে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি।
সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে অপরাজেয় তারুণ্য ‘ন্যাশনাল ইয়ুথ ফেস্টিভ্যাল’ শীর্ষক এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজক ‘আরএইচস্টেপ-অপরাজেয় তারুণ্য’।
তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে তরুণরা দেশের সামনে জাতীয় পুনর্গঠনের যে ঐতিহাসিক সুযোগ তৈরি করেছেন, তা কাজে লাগাতে হবে। এ জন্য তরুণদের শুধু আন্দোলনের ভূমিকায় সীমাবদ্ধ থাকলে চলবে না, দায়িত্ব নিয়ে পরিবর্তনের কাজও এগিয়ে নিতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি বলেন, এইটাকে যদি আমরা একই পুরনো বন্দোবস্তের মতো সরকার এবং বিরোধিতার ওই ধরণটাতেই পুরোপুরি ফিরিয়ে যাই, তাহলে আমরা নতুন কিছুতে এগোতে পারব না।
তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার থাকবে, বিরোধী দল থাকবে, সমালোচনা থাকবে এবং সরকারকে জবাবদিহি করতে হবে। তবে একই সঙ্গে দেশের সামষ্টিকভাবে এগিয়ে যাওয়ার বিষয়টিও গুরুত্বের সঙ্গে নিতে হবে। পুরোনো রাজনৈতিক কাঠামোর চর্চা আবার প্রাধান্য বিস্তার করলে গণতান্ত্রিক রাজনৈতিক কাঠামোর মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার সুযোগ কাজে লাগানো সম্ভব হবে না।
তরুণদের ভূমিকার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান বাংলাদেশের জনগণের উত্থানের মধ্য দিয়ে, তরুণদের উত্থানের মধ্য দিয়ে এবং বিরাট আত্মত্যাগের মধ্য দিয়ে একটা বড় সুযোগ তৈরি করেছে। সেই সুযোগকে কাজে লাগানোর চেষ্টা করাটাকে রাজনৈতিক কর্তব্য হিসেবে আমরা মনে করছি।
তিনি বলেন, তরুণদের দায়িত্ব শেষ হয়ে যায়নি। পরিবর্তনের যে পরিসর তৈরি হয়েছে, তা ধরে রাখতে এবং সামনে এগিয়ে নিতে পরিকল্পনা প্রয়োজন। এখন তরুণরা যদি এই ভূমিকার পরেই আবার মনে করে যে আমাদের দায়িত্ব শেষ, তাহলে পরিসরটা কিন্তু সেই জায়গায় থাকবে না। এই তরুণদের বাকি কাজটাও নিয়ে যেতে হবে, এগিয়ে নিতে হবে। তখনই পরিকল্পনার প্রশ্নটা আসবে।
জোনায়েদ সাকি বলেন, সরকারের থেকে কেবল আওয়াজ কিংবা আহ্বান জানানোই যথেষ্ট নয়। সেখানে কিছুটা দায়িত্ব আছে। সেখানে কী করা হচ্ছে, সেই জায়গাগুলোর জবাবদিহির প্রশ্ন আছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. সলিমুল্লাহ খান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. জাহিরুল ইসলাম, মো. আবু রায়হান প্রমুখ।
সূত্র: মূল প্রতিবেদন
