পৃথিবী সংবাদ ডেস্ক:
সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে অগ্নিসংযোগের ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। পরে রোববার (২২ নভেম্বর) বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন কোতোয়ালী মডেল থানার ওসি খান মোহাম্মদ মাঈনুল জাকির।
পুলিশ জানায়, শনিবার (২১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয় বাসিন্দাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তাদের আটক করা হয়।
আটক ব্যক্তিরা হলেন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আসকর কালীবাড়ি এলাকার মকুল বাড়ইয়ের ছেলে অপূর্ব বাড়ই (২১) এবং সুনামগঞ্জের দিরাই উপজেলার বলনপুর গ্রামের বিনয় সরকারের ছেলে দুর্জয় সরকার (২১)। তারা বর্তমানে সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২০ নভেম্বর) রাত পৌনে ৩টার দিকে নগরীর দাড়িয়াপাড়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকে পেট্রোল বা কেরোসিনজাতীয় দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়া হয়। এ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করা হয়। এসব তথ্যের ভিত্তিতে অগ্নিসংযোগে জড়িত সন্দেহে দুজনকে শনাক্ত করে পুলিশ। পরে শনিবার বিকেলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ মাঈনুল জাকির কালবেলাকে বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসভবনের প্রধান ফটকের সামনে অগ্নিসংযোগের ঘটনায় সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও স্থানীয়দের তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। রোববার বিকেলে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় অন্য কেউ জড়িত আছে কি না, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
সূত্র: মূল প্রতিবেদন
