পৃথিবী সংবাদ ডেস্ক:
নওগাঁর সাপাহার উপজেলায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে দগ্ধ হয়ে এক দম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বামীর মৃত্যুর ঠিক দুই দিন পর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন স্ত্রী।
আজ রোববার (২২ নভেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার শিরন্টি ইউনিয়নের গোপালপুর সোনাডাঙা গ্রামে বাড়িতে মারা যান স্ত্রী আফরোজা বেগম (৬৩)।
এর আগে গত শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৪টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী সোলায়মান আলী।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৫ নভেম্বর রাত ৯টার দিকে মশার কয়েল জ্বালাতে রান্নাঘরে যান আফরোজা বেগম। সে সময় গ্যাস লাইটার জ্বালাতেই রান্নাঘরে থাকা গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুন ধরে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। এতে তিনি দগ্ধ হন।
আফরোজা বেগমের আর্তচিৎকার শুনে পাশের ঘর থেকে ছুটে আসেন স্বামী সোলায়মান আলী। স্ত্রীকে আগুন থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজেও মারাত্মকভাবে দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার বিকেলে সোলায়মান আলীর মৃত্যু হয়। পরে তার মরদেহ এবং চিকিৎসাধীন স্ত্রীকে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। স্বামীর দাফন সম্পন্ন হওয়ার পর বাড়িতে থাকা অবস্থায় রোববার ভোরে আফরোজা বেগমও মারা যান। এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন, লোকমুখে বিষয়টি জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো লিখিত অভিযোগ করেননি।
সূত্র: মূল প্রতিবেদন
