ঢাকাSunday , 22 November 2026
  1. অপরাধ
  2. অপরাধ ও আইন
  3. অর্থনীতি
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. ক্যাম্পাস
  7. ক্যারিয়ার
  8. খেলাধুলা
  9. চাকরি
  10. জাতীয়
  11. দেশজুড়ে
  12. ধর্ম
  13. প্রবাস
  14. প্রযুক্তি
  15. বাণিজ্য
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় এসএমই মেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী


November 22, 2026 9:15 am
Link Copied!

পৃথিবী সংবাদ ডেস্ক:

দেশের ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি (সিএমএসএমই) শিল্পের বিকাশ, নতুন উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান বৃদ্ধি এবং দেশীয় পণ্যের বাজার সম্প্রসারণের লক্ষ্যে আজ রোববার রাজধানীতে শুরু হচ্ছে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা-২০২৬।

আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাত দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এবারের মেলায় সারা দেশের ৪৫০টির বেশি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এর মধ্যে প্রায় ৬০ শতাংশ প্রতিষ্ঠানই নারী উদ্যোক্তাদের পরিচালিত।

শনিবার (২১ নভেম্বর) শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শিল্প, বস্ত্র ও পাট এবং বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর। তিনি বলেন, দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও শিল্পায়নে সিএমএসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

মন্ত্রী জানান, সর্বশেষ সমীক্ষা অনুযায়ী, দেশে প্রায় ১ কোটি ১৭ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে, যা মোট নিবন্ধিত প্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ। শিল্প খাতের মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতে কর্মরত। এ খাতে কর্মসংস্থানের পরিমাণ প্রায় ৩ কোটি ৪০ লাখ। উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং ৬৫ শতাংশ নারী। দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।

খন্দকার আবদুল মুক্তাদীর বলেন, সিএমএসএমই খাতের বর্তমান অবদানে সরকার সন্তুষ্ট নয়। আগামী দিনে জিডিপিতে এ খাতের অবদান ৫০ থেকে ৬০ শতাংশে উন্নীত করার লক্ষ্য নিয়ে কাজ করতে হবে। ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক কার্যক্রম সম্প্রসারিত হলে কর্মসংস্থান ও আত্মকর্মসংস্থানের সুযোগও বাড়বে।

মেলায় পাদুকা, চামড়াজাত ও পাটজাত পণ্য, হস্তশিল্প, ফ্যাশন ডিজাইন, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হারবাল পণ্য, জুয়েলারি এবং তথ্যপ্রযুক্তিসহ বিভিন্ন খাতের উদ্যোক্তারা নিজেদের পণ্য প্রদর্শন ও বিক্রি করবেন।

এ ছাড়া সরকারের অগ্রাধিকারমূলক ‘এক গ্রাম এক পণ্য’ উদ্যোগের আওতাভুক্ত প্রতিষ্ঠানগুলোও মেলায় অংশ নিয়ে পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবে।

আগামী ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এ মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

সূত্র: মূল প্রতিবেদন