Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত ৪৭তম কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক সমালোচক সপ্তাহ বিভাগে প্রতিযোগিতা করছে বাংলাদেশ ও জার্মানির যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্র ‘দ্য ব্লাইন্ড গার্ল অ্যান্ড অ্যান এলিফ্যান্ট’।
বাংলাদেশের তরুণ নির্মাতা ইশতিয়াক আহমেদ জিহাদ পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক এই উৎসবের প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত সাতটি চলচ্চিত্রের একটি।
৮০ মিনিটের পূর্ণদৈর্ঘ্য বাংলা ভাষার চলচ্চিত্রটির বাংলা নাম ‘সাঁকোটা দুলছে’। এর কাহিনি ও চিত্রনাট্য রচনা করেছেন পরিচালক ইশতিয়াক আহমেদ জিহাদ। চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন অভিনেতা ও নির্মাতা মনোজ প্রামাণিক।
চলচ্চিত্রটির গল্পে উঠে এসেছে কুসংস্কার, সামাজিক গোঁড়ামি এবং প্রতিকূল পরিবেশের বিরুদ্ধে তিন তরুণীর লড়াই। গ্রামের রক্ষণশীল ও বৈরী সামাজিক বাস্তবতা থেকে মুক্তি পেতে তারা পালানোর চেষ্টা করে।
একপর্যায়ে তাদের মধ্যে একমাত্র দৃষ্টিপ্রতিবন্ধী তরুণীই গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে সক্ষম হয়। এরপর তার জীবনে ঘটে এক ভিন্ন অভিজ্ঞতা; মুখোমুখি হতে হয় একটি হাতির।
মানবিক অনুভূতি, সামাজিক প্রতিবন্ধকতা ও জীবনের অনিশ্চয়তাকে কেন্দ্র করে নির্মিত চলচ্চিত্রটি এর ব্যতিক্রমী গল্পবিন্যাসের কারণে দর্শকদের দৃষ্টি আকর্ষণ করেছে।
চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন সানজিদা আক্তার সর্ণা, তাহমিদা রহমান তুহিদা, সুমাইয়া হকসহ আরও অনেকে।
সোমবার (১৬ই নভেম্বর) বিকেল ৩টায় কায়রো অপেরা হাউসের স্মল থিয়েটারে এবং ১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় তাহরির সিনেমায় চলচ্চিত্রটির প্রদর্শনী অনুষ্ঠিত হয়। কায়রো উৎসবে এটি মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে চলচ্চিত্রটির প্রথম প্রদর্শনী।
