Prithibi Sangbad । পৃথিবী সংবাদ ডেস্ক:
‘জয় বাংলা’ এখন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীদের পালানোর স্লোগানে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
শুক্রবার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
চলমান সহিংসতার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। ‘জয় বাংলা’ এখন দলটির সন্ত্রাসীদের পালানোর স্লোগান। পেট্রলবোমা নিক্ষেপ কিংবা অগ্নিসংযোগ করে ‘জয় বাংলা’ বলে পালিয়ে গিয়ে কেউ পার পাবে না। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমেই এসব কর্মকাণ্ড মোকাবিলা করা হবে।
তিনি বলেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে। দলটি এখন বিচ্ছিন্ন কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। কোথাও পেট্রলবোমা নিক্ষেপ, কোথাও অগ্নিসংযোগ করে পালিয়ে যাওয়াই যেন তাদের কর্মকাণ্ডের ধরন হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে দেশের মানুষ আতঙ্কিত হবে না। পেট্রলবোমা হামলা কিংবা অন্য কোনো উপায়ে বিদেশে অবস্থানরত দলটির পলাতক নেতাকর্মীদের বাংলাদেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।
বিদেশে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তাঁদের কর্মকাণ্ডের বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। বিচারের হাত থেকে কেউ রেহাই পাবেন না। একপর্যায়ে তাঁদের আইনের আওতায় আনা হবে।
দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার এমন একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ, যেখানে সবার জন্য সমান সুযোগ থাকবে।
তিনি আরও বলেন, বাংলাদেশ এখন জাতীয় ও আন্তর্জাতিক—উভয় ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে। দেশের অবস্থান ও দৃশ্যমান অগ্রগতি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। এমন একটি বাংলাদেশ গড়ে তোলা হচ্ছে, যা নিয়ে দেশের সব মানুষ গর্ব করতে পারবেন।
