পৃথিবী সংবাদ ডেস্ক:
নারী ও কন্যাশিশুর নিরাপত্তা, মর্যাদা ও সমান অধিকার নিশ্চিতের দাবি; সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান
আন্তর্জাতিক নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ দিবস উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সচেতনতামূলক র্যালি করেছে ইনার হুইল ক্লাব অব রাজশাহী। র্যালি থেকে নারী ও কন্যাশিশুর প্রতি সব ধরনের সহিংসতা বন্ধ এবং তাদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে অংশগ্রহণকারীরা ‘নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা বন্ধ করুন’ এবং ‘সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলুন’—এমন বিভিন্ন সচেতনতামূলক স্লোগানসংবলিত প্ল্যাকার্ড বহন করেন।
র্যালিতে নেতৃত্ব দেন ইনার হুইল ক্লাব অব রাজশাহীর সভাপতি সৈয়দা জিন্নাত তানজিম। এ সময় উপস্থিত ছিলেন ক্লাবের সাবেক সভাপতি ডা. নাদিরা বেগম, সাধারণ সম্পাদক ডা. মারজানা সাবিহাসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
র্যালি শেষে বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা, নির্যাতন, বৈষম্য ও হয়রানি বন্ধে সমাজের সর্বস্তরে সচেতনতা বৃদ্ধি জরুরি। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্রসহ প্রতিটি ক্ষেত্রে নারীর নিরাপত্তা, সম্মান ও সমান অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
ক্লাবের সভাপতি সৈয়দা জিন্নাত তানজিম বলেন, “নারীর প্রতি সহিংসতা শুধু একজন নারীর ব্যক্তিগত সমস্যা নয়, এটি পুরো সমাজের জন্য একটি বড় সংকট। নারীর মর্যাদা, নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রের প্রতিটি পর্যায়ে নারীর প্রতি সম্মানজনক আচরণ এবং সহিংসতার বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, নারী ও কন্যাশিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে নির্যাতনের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই।
সূত্র: মূল প্রতিবেদন
