পৃথিবী সংবাদ ডেস্ক:
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রত্যাশী দুজনই বিবাহিত। একই সঙ্গে দু’জনেই রয়েছে সন্তান। এছাড়াও তাদের মধ্যে একজনের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। তাদের পারিবারিক অবস্থা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।
দুই সভাপতি পদপ্রত্যাশী হলেন সদ্য বিলুপ্ত রামগঞ্জ পৌর ছাত্রদলের আহ্বায়ক শাহিন আলম মুন্না এবং উপজেলা ছাত্রদলের সাবেক সদস্যসচিব রাকিব হাসান।
দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ ফেব্রুয়ারি তৎকালীন জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহীম ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের স্বাক্ষরে রামগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে শাহিন আলম মুন্নাকে পৌর ছাত্রদলের আহ্বায়ক এবং রাকিব হাসানকে উপজেলা ছাত্রদলের সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়।
দীর্ঘদিন পর গত ৬ নভেম্বর ২০২৬ তারিখে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ ও সদস্যসচিব হাসিবুর রহমান অভি এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। এরপর উপজেলা ও পৌর ছাত্রদলের নতুন কমিটিতে পদ পেতে নেতাকর্মীদের মধ্যে শুরু হয় প্রচার-প্রচারণা। সামাজিক যোগাযোগমাধ্যমেও নিজেদের প্রার্থিতা জানান দিচ্ছেন পদপ্রত্যাশীরা।
এরই মধ্যে উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন সাবেক কমিটির দুই দায়িত্বশীল নেতা শাহিন আলম মুন্না ও রাকিব হাসান।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহিন আলম মুন্না ২০২৩ সালের দিকে বিয়ে করেন। তাঁর দুই বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তাঁর শ্বশুরবাড়ি উপজেলার চণ্ডীপুর ইউনিয়নের বকশি বাজার এলাকায়। অন্যদিকে রাকিব হাসান একই বছর উপজেলার ইছাপুর ইউনিয়নের গাজীবাড়ির বাচ্চু মিয়ার মেয়েকে বিয়ে করেন। তাঁরও দুই বছর বয়সী একটি ছেলেসন্তান রয়েছে।
রাকিব হাসানের শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বলে জানা গেছে। শাহিন আলম মুন্না রামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের নন্দনপুর এলাকার বাসিন্দা। অন্যদিকে রাকিব হাসানের বাড়ি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাজীরখিল এলাকায়।
এদিকে দুই প্রার্থীর বিবাহিত জীবন ও সন্তান থাকার বিষয়টি এবং রাকিব হাসানের শিক্ষাগত যোগ্যতা সামনে এনে তাঁদের নেতৃত্বের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় কয়েকজন ছাত্রদল নেতা। নাম প্রকাশ না করার শর্তে তাঁরা বলেন, ছাত্রসংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রার্থীদের সাংগঠনিক অভিজ্ঞতা, সক্রিয়তা ও নেতৃত্বের পাশাপাশি ছাত্রত্বের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। দুই প্রার্থীর পারিবারিক অবস্থা ও শিক্ষাগত যোগ্যতা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে।
এ বিষয়ে শাহিন আলম মুন্না নিজের বিয়ে ও সন্তান থাকার বিষয়টি স্বীকার করে বলেন, ‘জুলাই আন্দোলনে আমরা নেতৃত্ব দিয়েছি। আমাদের বিয়ে কিংবা সন্তান থাকা নিয়ে কোনো সমস্যা নেই।’ অন্য সভাপতি প্রার্থী রাকিব হাসানের সঙ্গে যোগাযোগ করা যায়নি।
বিষয়টি নিয়ে জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেন, বিবাহিত ও সন্তানের পিতা তাদের ছাত্র সংগঠনের কাজ করতে একটু প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। এমন যারা আছে তাদের বিষয়ে আমাদের সাংগঠনিক সিদ্ধান্ত নিবো। এবং যাদের ছাত্রত্ব নেই তাদের পদে আশার কোনো সুযোগ নেই।
সূত্র: মূল প্রতিবেদন
