নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জমিজমা সংক্রান্ত জেরে প্রতিপক্ষের সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার অভিযোগ উঠেছে । উপজেলার দুর্লভপুর ইউনিয়নের গঙ্গারামপুর এলাকায় এ ঘটনা ঘটে । ভুক্তভোগী রোসনারা বেগম বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন । রোসনারা বেগম জানান, গত ৭ মার্চ তার স্বামী মারা যাওয়ার পর থেকে তাদের পার্শবর্তী মোন্তাজ আলী মণ্ডলের ছেলে তাজেল আলী, পাতু আলী ও আলম আলী সহ বেশ কয়েকজন মিলে রোসনারা বেগমের জমির ভিতরে অযৌক্তিকভাবে জমি দাবী করে আসছে । তারই ধারাবাহিকতায় গত ১৮ মার্চ নিজ জমিতে সীমানা প্রাচীর নির্মাণকালে উপরোক্ত বিবাদীগণ জমিতে অনধিকার প্রবেশ করে প্রাচীর ও পিলার ভেঙ্গে ফেলে প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি সাধন করে । এসময় বাধা দিতে গেলে তারা প্রাণনাশের হুমকি দেয় বলেও জানান রোসনারা । এদিকে বিবাদীপক্ষের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায় । এ বিষয়ে শিবগঞ্জ থানায় রোসনারা বেগম দায়েরকৃত অভিযোগের তদন্তকারী কর্মকর্তা শিবগঞ্জ থানার এএসআই মোহাইমিনুল ইসলাম বলেন, সীমানা প্রাচীর ভাঙ্গার সত্যতা রয়েছে । তদন্তে গেলে আসামীপক্ষের কাওকে পাওয়া যায়নি । যোগাযোগের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে মীমাংসার চেষ্টা করা হবে, তা না হলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে ।
