নিউজ ডেস্ক : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে স্ট্রবেরি চারা সংক্রান্ত তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অতর্কিত হামলায় ২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে । শনিবার ৭ মার্চ ২০২৬ বিকেলে শিবগঞ্জ পৌর এলাকার দৌলতপুর আমবাজারের পূর্বদিকে পিঠালিতলা স্ট্রবেরী মাঠে এ ঘটনা ঘটে । ঘটনায় আহত কালুপুর উত্তরপাড়া এলাকার মতিউর রহমানের ছেলে মো: রনি আলী বলেন, কিছুদিন আগে পিঠালিতলার ইলু আলীর ছেলে ইব্রাহিম নামীয় ব্যক্তির নিকট থেকে ১ হাজার স্ট্রবেরি চারা ক্রয় করি । ইব্রাহিমের ছোট ভাই আব্দুল হাকিমের নিকট সেই টাকা পরিশোধ করলে হঠাত ২ শত ৫০ টি অতিরিক্ত চারার মূল্য চেয়ে বসে । আমি ১ হাজার চারা নিয়েছি বলে দাবী করলে সে ১ হাজার ২ শত ৫০ টি চারার মূল্য আদায় করবে বলে জোর করে এবং অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকে । আমি অতিরিক্ত চারার মূল্য পরিশোধে অস্বীকৃতি জানালে সে স্থানীয় ডলার, সেলিম, সোহাগ ও রয়েল সহ আরো ১০/১২ জন লোক নিয়ে এসে লাঠি ও লোহার রড দ্বারা আমাকে মারতে থাকে । আমার ছোট ভাই নিয়ামত আলী আমাকে উদ্ধারে এগিয়ে আসলে তার হাতে লোহার রড দ্বারা আঘাত করে হাত ভেঙ্গে দেয় । এসময় তারা ৭০ ক্যারেট স্ট্রবেরি, কিছু নগদ অর্থ ও একটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন রনি আলী । বর্তমানে আহত দুই ভাই রনি ও নিয়ামত আলী শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে । একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এমন বর্বর হামলা মোটেও কাম্য নয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা । এদিকে ইব্রাহিম আলীর পরিবার সূত্র দাবী করেছে যে, প্রকৃতপক্ষে ১ হাজার ২ শত ৫০ টি চারাই বিক্রয় করেছিলাম এবং ঘটনায় তার ভাই আব্দুল হাকিমকেও আঘাত করা হয়েছে, তবে চিকিৎসার প্রয়োজন হয়নি । এ বিষয়ে রনি আলী বাদী হয়ে শিবগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন ।
