ঢাকাশুক্রবার , ২৯ আগস্ট ২০২৫
  1. অপরাধ
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. ধর্ম
  8. প্রবাস
  9. প্রযুক্তি
  10. বাণিজ্য
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজধানী
  14. রাজনীতি
  15. লাইফস্টাইল
আজকের সর্বশেষ সবখবর

নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে: মির্জা ফখরুল


আগস্ট ২৯, ২০২৫ ৭:০১ অপরাহ্ণ
Link Copied!

নির্ধারিত সময়ে নির্বাচন না হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে সৈয়দা ফাতেমা সালাম রচিত ‘রক্তাক্ত জুলাই’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন,‘ঘোষিত সময়ে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ছাড়া বিকল্প নেই। নির্বাচন না হলে জাতি ক্ষতির মুখে পড়বে। ফ্যাসিবাদের ফিরে আসার আশঙ্কা বাড়বে। শুধু দেশের ভেতরেই নয়, বিদেশ থেকেও ফ্যাসিবাদ ফিরিয়ে আনার চেষ্টা চলছে।’

দলের নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির মহাসচিব সতর্কবার্তা দিয়ে বলেন, ‘ভাববেন না যে আপনারা ক্ষমতায় চলে এসেছেন। এখনো আমরা ক্ষমতার কাছেও যেতে পারিনি। সামনে অনেক চক্রান্ত, অনেক ষড়যন্ত্র অপেক্ষা করছে। জনগণের কাছে পৌঁছাতে হলে সৎ ও ভালো কাজ করতে হবে।’

গণতান্ত্রিক উত্তরণের রোডম্যাপ প্রসঙ্গে তিনি জানান, ‘রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে এগিয়ে এলে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব। আমাদের লড়াই যেন ম্লান হয়ে যাচ্ছে। রাজনৈতিক মতপার্থক্য থাকা স্বাভাবিক। তবে বর্তমান পরিস্থিতিতে মানুষ বিভ্রান্ত হচ্ছে এবং নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনই কাঙ্ক্ষিত রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার একমাত্র পথ।’

বিএনপি মহাসচিব জানান, তাদের দল শুরু থেকেই সংস্কারের পক্ষে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র ও গণমাধ্যমের স্বাধীনতা এনেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ পরিবর্তনের জন্য উন্মুখ হয়ে আছে। তাই বিএনপির দায়িত্ব হলো জনগণের সেই প্রত্যাশাকে বাস্তবে রূপ দেওয়া।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সাংবাদিক আবদুল হাই শিকদার। প্রধান বক্তা ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টাড. মাহদী আমিন।